Kapil Dev: অংশুমান গায়কোয়াড়ের ক্যানসার, পেনশন ছাড়তে রাজি কপিল! বিসিসিআইকে অর্থসাহায্যের আবেদন
Kapil Dev: ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়ের ব্লাড ক্যানসার। চিকিৎসা চলছে লন্ডনে। এই মুহূর্তে আর্থিক সঙ্কটে ভুগছেন তিনি।
কিছুদিন আগে সন্দীপ পাতিল আবেদন করেছিলেন, অংশুমানের সাহায্য়ে সকলকে এগিয়ে আসার। এবার বড় সিদ্ধান্তের কথা জানালেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

লন্ডনের কিংস কলেজ হাসপাতালে বছরখানেক ধরেই ব্লাড ক্যানসারের চিকিৎসা চলছে অংশুমানের। প্রাক্তন সতীর্থের জন্য মন খারাপ কপিলের। তিনি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গায়কোয়াড়ের পাশে দাঁড়াতে অনেকেই সাধ্যমতো অর্থ সংগ্রহের চেষ্টা করছেন।
কপিলের কথায়, মোহিন্দর অমরনাথ, সুনীল গাভাসকর, সন্দীপ পাতিল, মদন লাল, দিলীপ বেঙ্গসরকার, রবি শাস্ত্রী, কীর্তি আজাদরা অংশুমানের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করে তহবিল তৈরির উদ্যোগ নিয়েছেন। কপিলের আশা, বিসিসিআই নিশ্চিতভাবেই এগিয়ে আসবে।
কপিল এক সাক্ষাৎকারে বলেছেন, খুব খারাপ ও হতাশ লাগছে। আমি খুবই যন্ত্রণাক্লিষ্ট, কারণ অংশুর সঙ্গে আমিও খেলেছি। তাঁকে এই অবস্থায় দেখার কথা সহ্য করতে পারছি না। কারও এমন অবস্থায় পড়া বাঞ্ছনীয় নয়। আমি আশা করি, বোর্ড অংশুর প্রতি যত্নশীল হবে।
এরপরই কপিল বলেন, আমরা কাউকেই জোর করছি না। অংশুর পাশে থাকতে মন থেকে যে যতটুকু সাহায্য করবেন সেটিই যথেষ্ট। বিশ্বের তাবড় জোরে বোলারদের সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে কখনও তাঁর মুখে বল লেগেছে, কখনও বুকে। এখন সকলের উচিত তাঁর পাশে দাঁড়ানো।
কপিল মনে করেন, অংশুকে এই লড়াইয়ে হেরে যেতে দেবেন না ক্রিকেটপ্রেমীরাও। তাঁদের কাছে কপিলের আর্জি, অংশুর আরোগ্য কামনায় প্রার্থনা করার। কপিল মনে করেন, অংশুর মতো পরিস্থিতিতে যাতে প্রাক্তন ক্রিকেটারদের পড়তে না হয় তেমন একটি সিস্টেম চালু করুক বিসিসিআই।
কপিল বলেন, এই সিস্টেম না থাকাটা দুর্ভাগ্যের। এখনকার ক্রিকেটাররা প্রচুর অর্থ উপার্জন করছেন দেখে ভালো লাগে। সাপোর্ট স্টাফদেরও অর্থসাহায্য করা হচ্ছে। আমাদের সময় বোর্ডের টাকা ছিল না। এখন যেহেতু বোর্ড আর্থিকভাবে সমৃদ্ধশালী, সেখানে প্রাক্তন ক্রিকেটারদের প্রতিও যত্নশীল হওয়া প্রয়োজন।
কপিলের পরামর্শ, একটি ট্রাস্ট গঠন করা হোক। বিসিসিআই সেটা পারে। সেই ট্রাস্ট গড়েই প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের পাশে আর্থিকভাবে দাঁড়াতে পারে বোর্ড। কপিল আরও জানান, তাঁদের অনেকেই পেনশনের অর্থ এই তহবিলে জমা দিতে প্রস্তুত।
উল্লেখ্য, ১৯৭৫ থেকে ১৯৮৭ অবধি অংশুমান গায়কোয়াড় ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ১৫টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। ভারতীয় দলের কোচের দায়িত্বও সামলেছেন।












Click it and Unblock the Notifications