কলার দোকান খুলে ফেলো, ডিম বেচো! আইপিএলের চাপ নিয়ে কাদের তীব্র কটাক্ষ কপিলের?
দেশের হয়ে খেলা থেকে তারকা-সহ অনেকেই হামেশাই ছুটি নেন। বিশ্রামের গুরুত্বের কথা বলা হয়, উঠে আসে লাগাতার ক্রিকেটে চাপের কথা। যদিও এইসব যুক্তিকে একেবারেই মানতে নারাজ কপিল দেব। আইপিএলের চাপের কথা যে ক্রিকেটাররা বলে থাকেন, তাঁদেরই তীব্র কটাক্ষে বিঁধলেন তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক।

সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কপিল। সেখানে তাঁর বক্তব্যের অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কপিলের কথায়, প্রায়ই আমার কানে আসে যে অনেকে বলেন আমরা আইপিএল খেলি। সেখানে প্রচুর চাপ! এই কথাটা এখন কমন। কিন্তু যাঁরা এ কথা বলেন তাঁদের জন্য আমার পরামর্শ, খেলার দরকার নেই। কে খেলতে বলেছে? চাপ থাকবেই। কিন্তু মনে রাখতে হবে উচ্চ পর্যায়ে ক্রিকেট খেলতে খেলে যেমন শ্রদ্ধা-সম্মান জুটবে, তেমনই খারাপ কথাও শুনতে হবে। যদি খারাপ কথা বা সমালোচনাকে কেউ ভয় পায় তাহলে খেলার দরকার নেই। দেশের প্রতিনিধিত্ব করার সময় কীভাবে চাপ অনুভূত হতে পারে?
কপিল আরও বলেছেন, ১০০ কোটির দেশ থেকে ২০ জন ভারতীয় দলে খেলছেন। তারপরও বলছেন যে চাপ রয়েছে! দেশের হয়ে খেলার জন্য তো গর্ব অনুভব করা উচিত। দেশের হয়ে খেলার জন্য এত মানুষের ভালোবাসা পাচ্ছেন। সেই গৌরব উপলব্ধি করতে শিখুন। প্রেসার শব্দটি আমেরিকার শব্দ। যদি কাজ করতে না চাও, করো না। কেউ কি জোর করছে? কলার দোকান খোলো, গিয়ে ডিম বেচো!
করোনা পরিস্থিতির পর থেকে ক্রিকেট জগতেও মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ঠাসা ক্রীড়াসূচির জন্য ওয়ারর্কলোড ম্যানেজমেন্টকে হাতিয়ার করে ভারতীয় দলের ক্রিকেটাররাও গুরুত্বপূর্ণ সিরিজে বিশ্রাম নিচ্ছেন। এই বিষয়টি যে তাঁর না-পসন্দ তা আগেও বুঝিয়ে দিয়েছেন কপিল দেব। তাঁর সমালোচনাকে ভারতীয় দলের অনেকে যে ভালোভাবে নেননি সেটাও তাঁরা ঠারেঠোরে নাম না করে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু কপিল নিজের অবস্থানে অনড়। তিনি বলেছেন, যখন কেউ ভারতীয় দলে সুযোগ পান তখন কীভাবে সেটাকে চাপ হিসেবে তাঁরা দেখেন! একে আনন্দের সঙ্গে গ্রহণ করে এই সুযোগকে উপভোগ করা উচিত। যেদিন থেকে সেটা কেউ করবেন, তখন তাঁর কাজ অনেক সহজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি খালি চাপের কথাই বলেন, তাহলে পরিস্থিতি মোটেই ভালো হতে পারে না।












Click it and Unblock the Notifications