রোহিত শর্মার ফিটনেস নিয়ে অসন্তোষ কপিল দেবের, বিরাট কোহলিকে দৃষ্টান্ত মানার পরামর্শ
রোহিত শরর্মাকে টিভিতে দেখলে স্থূলকায় মনে হয়, একজন অধিনায়কের এমন ফিটনেস লজ্জার। রোহিতকে ফিটনেসে উন্নত করার বিষয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন কপিল দেব।
রোহিত শর্মার নেতৃত্বে ভারত বিশ্বের ১ নম্বর টেস্ট দল হওয়ার দোরগোড়ায়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠারও কাছাকাছি পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়কের নামও রোহিত শর্মা। যদিও তাঁর ফিটনেস নিয়ে খুল্লমখুল্লা সমালোচনা করলেন তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।

রোহিতের ফিটনেস নিয়ে চর্চা
রোহিত শর্মার ফিটনেস অনেকদিন ধরেই চর্চার বিষয়। টি ২০ আন্তর্জাতিকে তিনি আর খেলবেন বলে মনে করছেন না অনেকেই। ফলে আগামী টি ২০ বিশ্বকাপেও হিটম্যানকে দেখতে না পাওয়ার সম্ভাবনা প্রবল। চলতি বছর ৫০ ওভারের বিশ্বকাপ অবধি তিনিই ভারতের অধিনায়ক থাকবেন। তারপর রোহিত সাদা বলের ক্রিকেট আর খেলবেন কিনা তা নিয়েও চর্চা তুঙ্গে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে নাগপুর টেস্টে রোহিত ১২০ রানের ইনিংস খেলেছিলেন। দিল্লিতে তিনি ৩২ ও ৩১ রান করে আউট হন।

সরব কপিল
রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দুটি ম্যাচই খেলেছেন। বাকি দুটিতেও খেলবেন। তবে ব্যক্তিগত কারণে প্রথম একদিনের আন্তর্জাতিকটি খেলবেন না। ১১ মাস পর টেস্ট খেলছেন রোহিত। গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন। কিন্তু ইংল্যান্ডে অসমাপ্ত সিরিজের পঞ্চম টেস্টটি খেলতে পারেননি কোভিড-১৯ আক্রান্ত হওয়ায়। আঙুলের চোটের কারণে খেলতে পারেননি বাংলাদেশ সিরিজেও। কপিল দেব এবিপি নিউজে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ক্রিকেটের দক্ষতার নিরিখে রোহিত বিশ্বের অন্যতম সেরা। কিন্তু ফিটনেসের ক্ষেত্রে সে কথা বলা যায় না।

লজ্জার বিষয়
কপিলের কথায়, ফিট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে একজন অধিনায়কের পক্ষে। ফিট না থাকাটা লজ্জার। রোহিতকে ফিটনেসের বিষয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে। তিনি নিঃসন্দেহে একজন সেরা ব্যাটার। কিন্তু ফিটনেসের প্রসঙ্গ যখনই আসে তাঁকে টিভিতে দেখে ওভারওয়েট বা স্থূলকায় মনে হয়। এটা ঠিক, টিভিতে ও সামনাসামনি একই ব্যক্তিকে দেখলে আলাদা মনে হতেই পারে। কিন্তু আমার মতে, রোহিত গ্রেট প্লেয়ার, গ্রেট ক্যাপ্টেন, কিন্তু তাঁকে আরও ফিট হতে হবে।

বিরাটের প্রশংসা
এ কথা বলতে গিয়ে বিরাট কোহলির প্রশংসাও করেছেন কপিল। তাঁর মতে, বিরাট কোহলির দিকে যখনই তাকানো হোক না কেন তাঁর ফিটনেস নিয়ে কোনও সংশয়ই মনে আসে না। এই ধরনের ফিটনেসই প্রত্যাশিত। উল্লেখ্য, গত কয়েক মাসে অসুস্থতা এবং হ্যামস্ট্রিং কিংবা আঙুলের চোটের কারণে রোহিত অনেক সিরিজ খেলেননি। টি ২০ সিরিজেও খেলেননি। তিনি আইপিএলের পরই টি ২০ ভবিষ্যৎ নির্ধারণ করবেন বলে জানা গিয়েছে। যদিও সূত্রের খবর, বিরাট কোহলিকে যদিও বা পরবর্তী টি ২০ বিশ্বকাপে দেখাও যায়, রোহিত শর্মার ক্ষেত্রে সেই সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications