Kapil Dev On Rishabh Pant: ঋষভ পন্থের কাছে গিয়ে চড় কষাতে চান কপিল দেব! কারণটা কী?
ঋষভ পন্থ দুর্ঘটনার কবলে পড়েছিলেন, অস্ত্রোপচার হয়। এখন রয়েছেন বাড়িতে। কপিল দেব বললেন, তিনি ঋষভ পন্থের সঙ্গে দেখা করে চড় মারতে চান! জানুন কারণটি
ঋষভ পন্থকে চড় কষাতে চান কপিল দেব! ভাবতে অবাক হলেও এটাই সত্যি। তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক নিজেই এ কথা বলেছেন। কাল থেকে নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু। এই সিরিজে ফারাক গড়ে দিতে পারতেন ঋষভ পন্থ। গত বছর টেস্টে তিনি ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারীও হন। যদিও গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আপাতত তিনি অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে।

বর্ডার-গাভাসকর ট্রফি ২০২১ সালে ভারত জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে, তার পিছনে বড় অবদান ছিল পন্থের। ভারতের টেস্ট দলের ১ নম্বর উইকেটকিপারের আগ্রাসী ব্যাটিং অনেক ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। যে টেস্ট দেখে মনে হচ্ছে ড্র হবে, তাতে ভারতকে জিতিয়ে এনেছে পন্থের চওড়া ব্যাট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে ভারতের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল থেকে শুরু হতে চলা চার টেস্টের সিরিজ। তাতে ঋষভ পন্থের না থাকা যে ফ্যাক্টর হবে, তা মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।
গত ৩০ ডিসেম্বর পন্থ নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন দিল্লি-দেরাদুন হাইওয়ে দিয়ে। ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি উল্টে যায়। আগুনও ধরে যায়। কপালজোরে প্রাণে বাঁচেন পন্থ। তবে আগামী কয়েক মাসের জন্য তিনি মাঠের বাইরে। কবে মাঠে ফিরবেন তা এখনও বলা যাচ্ছে না। অক্টোবর-নভেম্বরে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ। তাতেও তাঁর অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে। তাঁর এই অনুপস্থিতি ভারতের কম্বিনেশনকেও ব্যাহত করছে বলে উপলব্ধি কপিল দেবের। ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে হবে এমন দুই উইকেটকিপারের একজনকে নিয়ে, যাঁদের টেস্ট অভিষেক হয়নি। ঈশান কিষাণ আগ্রাসী ব্যাটিং করতে পারেন। আবার অনেকে মনে করছেন, বছর দেড়েক দলের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার কেএস ভরতকে খেলানো উচিত।
কপিল দেব এবিপি আনকাট অনুষ্ঠানে বলেন, আমি পন্থকে খুবই ভালোবাসি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। পন্থ সুস্থ হলে আমি তাঁর সঙ্গে দেখা করব এবং চড় মারব। নিজের প্রতি যত্নবান হতে বলব। পন্থের এই দুর্ঘটনার কবলে পড়া ভারতীয় দলের কম্বিনেশনটাকেই নষ্ট করে দিয়েছে। সে কারণেই তাঁর প্রতি স্নেহ ও ভালোবাসা রয়েছে। দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। কিন্তু সেই সঙ্গে রাগও হচ্ছে। এই ধরনের ভুল এখনকার যুবক হয়ে কেন তিনি করলেন? সে কারণেই চড় মারব। উল্লেখ্য, গতকালই পন্থ ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বাড়ির ছবি পোস্ট করে লিখেছেন, আপাতত বসে তিনি ফ্রেশ হাওয়া উপভোগ করছেন।












Click it and Unblock the Notifications