Kapil Dev: বিশ্বকাপের সূচি নিয়ে অসন্তুষ্ট কপিল, সতীর্থ রজার বিনিকে দিলেন বিশেষ পরামর্শ
বিগত দুই দিনে কখনও ক্রিকেটার, কথনও বোর্ড কর্তাদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন কপিল দেব। আবারও বিসিসিআইয়ের সমালোচনায় সরব হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আগামী অক্টোবর, নভেম্বর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের মেগা আসর। ১০ বছর আইসিসি ট্রফি না পাওয়া টিম ইন্ডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ জেতা।
কিন্তু রোহিত-বিরাটদের নিয়ে ভারতীয় বোর্ডের পরিকল্পনায় খুশি নন বিশ্বকাপজয়ী অধিনায়ক। এমনকি বিশ্বকাপের সূচি দেখেও বেজায় চটেছেন কপিল। ভারতীয় দলকে দেশের নয়টি শহরে ম্যাচ খেলতে হবে, এরফলে ধকল পড়বে ক্রিকেটারদের উপর। সারা দেশ জুড়ে যাত্রা করতে হবে বিরাট রোহিতদের। সূচি নিয়ে নিজের অসন্তোষের কথা গোপন করলেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক।

কপিল দেব বলেছেন, 'আমরা যদি সূচির দিকে চোখ রাখি তাহলে দেখতে পারব গোটা টুর্নামেন্টে ভারতকে ১১টি ম্যাচ খেলতে হবে এরজন্য প্রচুর যাত্রা করতে হবে। কে বানায় এই সূচি? যখন দল ভারতে খেলছে তখন কেন এই বিষয়টি বোর্ড দেখবে না? এই বিষয়টিতে বাড়তি নজর দেওয়া উচিত ছিল।'
এখানেই থেমে না থেকে কপিল আরও জানিয়েছেন, 'তোমাকে খেলতে হবে ধরমশালা সেখান থেকে বেঙ্গালুরু তারপর কলকাতা। আমাকে এখন জন প্রশ্ন করেছিলাম আমি বোর্ড সভাপতি হলে কী করতাম? আমি উত্তর দিয়েছিলাম, আমি বিসিসিআই সভাপতি হলে ভারতীয় দলের জন্য একটি চ্যাটার্ড বিমান রাখতাম। আমি তাদের সবরকম সুবিধা দেওয়ার চেষ্টা করতাম যাতে মাঠে ক্রিকেটাররা সেরাটা দিতে পারেন।'

৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ। আগামী ৮ অক্টোবর ভারত চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
এরআগে রোহিত-বিরাটদের নাম না করে ভারতীয় ক্রিকেটাদের সবজান্তা মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়ক মন্তব্য করেছিলেন, 'বর্তমান ক্রিকেটারদের ভালো দিক হল তাঁরা অত্যন্ত আত্মবিশ্বাসী। কিন্ত নেতিবাচক দিক হল তাঁরা মনে করে সব জানে।তাঁরা অন্য কারোর থেকে কোনও পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করে না।'

একইসঙ্গে আইপিএল খেলা তারকা ক্রিকেটারদের জাতীয় দলে খেলার মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তাঁর কথায়, "এমনটা নয় যে আমি কখনও চোট পাইনি। কিন্তু ওরা বছরে ১০ মাস খেলছে। প্রত্যেককে নিজের যত্ন নিতে হবে। আইপিএল আপনাকে নষ্ট করতেও পারে। কারণ, সামান্য চোট পেলেও আইপিএল খেলতে পারেন। অথচ ভারতের হয়ে খেলা যায় না। তখন আপনাকে বিরতি নিতেই হবে।"












Click it and Unblock the Notifications