NZ vs ENG: বিরাট জয় কিউয়িদের, সাউদির বিদায়ের দিনেই টেস্ট থেকে অবসরের ইঙ্গিত উইলিয়ামসনের
টিম সাউদির অবসরের দিনেই এবার টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত দিলেন কেন উইলিয়ামসন। মঙ্গলবার তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় হাসিল করল নিউজিল্যান্ড। প্রথম দুটি টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজ আগেই জিতে নিয়েছিল ইংল্যান্ড। শেষ ম্যাচ ছিল কিউয়িদের কাছে সম্মান রক্ষার। সেই ম্যাচ জিতে টিম সাউদির অবসরটা রঙিন করে রাখল নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২৩ রানে জয় পেল নিউজিল্যান্ড। আগেই অবসর ঘোষণা করেছিলেন টিম সাউদি। মঙ্গলবার সাউদির অবসরের সঙ্গে সঙ্গেই কেন উইলিয়ামসনকে আর সাদা জার্সিতে দেখা যাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে গেল। বলা ভালো টেস্ট থেকে এক প্রকার বিদায়ের ইঙ্গিতই দিলেন উইলিয়ামসন।

আগামী বছর জুলাই মাসে এরপর টেস্ট রয়েছে নিউজিল্যান্ডের। সেই সিরিজে আদৌও উইলিয়ামসন মাঠে নামবেন কিনা তা নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয়ের পর উইলিয়ামসন জানালেন, এরপর অনেকটা সময় পর টেস্ট ম্যাচ আছে। । অনেক ক্রিকেট রয়েছে আগামী দিনে। চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। আমি এখন সেই খেলাগুলোয় ফোকাস করতে চাই। পরের টেস্ট সিরিজ নিয়ে এখনই ভাবছি না। । আমি টেস্ট ক্রিকেট ভালবাসি। তবে যা সূচি রয়েছে তাতে আগামী কয়েক মাসে কোনও টেস্ট নেই দেখা যাক তার পর কী হয়।
২০০৮ সালে টিম সাউদি এবং কেন উইলিয়ামসন একইসঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন। চলতি বছরে দুই জনে শততম টেস্ট ম্যাচও খেলেছেন। এবার সাউদি ঢুকে গেলেন অবসরের গ্রহে। সতীর্থের পথেরই পথিক হচ্ছেন উইলিয়ামসন! মঙ্গলবারের পর থেকে এই জল্পনা তীব্র হল।
২০২১ সালে তাঁর নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জেতে কিউয়িরা। তারপর নিউজিল্যান্ড দলের নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। চোট আঘাতের সমস্যা তাঁর দোসর হয়েছে। বয়সও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাট থেকে অসবরের ইঙ্গিত দিয়েই রাখলেন উইলিয়ামসন।
অন্যদিকে টেস্ট ম্যাচের কথায় যদি আসা যায় চতুর্থ দিনে ৪২৩ রানে জয় হাসিল করল নিউজিল্যান্ড। এটা নিউজিল্যান্ডের যুগ্ম বড় জয়, এর আগে টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৮ সালে ৪২৩ রানে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৮ রান তোলে। সুতরাং, জয়ের জন্য শেষ ২ দিনে ইংল্যান্ডের দরকার ছিল আরও ৬৪০ রান, ইংল্যান্ডের ইনিংস শেষ ২৩৪ রানে।












Click it and Unblock the Notifications