ICC WTC Final: সাউদাম্পটনে নজির গড়লেন কেন, ছক্কা হাঁকিয়ে সাউদি ধোনির কাছে
সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আজ পঞ্চম দিন। এদিনই বেশ কয়েকটি নজির গড়লেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। অধিনায়ক কেন উইলিয়ামসন, টিম সাউদি ও রস টেলরের কেরিয়ারে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। সাউদাম্পটন টেস্টে ভারতীয় বোলাররাও বেশ কয়েকটি নজির গড়লেন।

কেনের নজির
নিউজিল্যান্ডের হয়ে টেস্টে সর্বাধিক রান করার নিরিখে অধিনায়ক কেন উইলিয়ামসন এখন চলে এলেন দুই নম্বরে। আজ দুই সেশনে তিনি যে লড়াই করে নিউজিল্যান্ডকে লিড পাইয়ে দিয়েছেন তাকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেট মহল। ১৭৭ বলে ৪৯ রান করেছেন। এরই ফাঁকে তিনি টপকে গেলেন টেস্টে স্টিফেন ফ্লেমিংয়ের ৭,১৭২ রানের রেকর্ড। তাঁর সামনে শুধুই এখন রস টেলর। যিনি এই টেস্টে ১১ রান করেছেন। টেস্টে তাঁর রান ৭,৫১৭। এদিন চার রান করার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার রানও পূর্ণ করেছেন টেলর।

সাউদির সাফল্য
ড্যানিয়েল ভেত্তোরির পর কিউয়ি দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মালিক হলেন টিম সাউদি। আজ দ্বিতীয় ইনিংসে শুভমান গিলকে আউট করে এই নজির গড়েন তিনি। প্রথম ইনিংসে তিনি একটি উইকেট পেয়েছিলেন। ব্য়াট হাতেও নিউজিল্যান্ডের লিড বাড়াতে এদিন মূল্যবান ভূমিকা নেন সাউদি। সেই সঙ্গে টেস্টে ছক্কা মারার নিরিখে রিকি পন্টিংকে আজ টপকে গেলেন টিম সাউদি। এদিন দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আর তিনটি ছক্কা মারলে টেস্টে ধোনির ৭৮টি ছক্কা মারার নজির স্পর্শ করবেন তিনি। সাউদির টেস্টে ছক্কার সংখ্যা ৭৫। ব্রেন্ডন ম্যাকালাম সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন টেস্টে ১০৭টি। ক্রিস কেয়ার্নসের ছক্কার সংখ্যা ৮৭টি। টেস্টে সর্বাধিক ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় ১৫ নম্বরে রয়েছেন সাউদি।

অশ্বিনের কীর্তি
রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে দুটি উইকেট পেয়েছেন। এর ফলে টেস্টে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ৪১১। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই তিনি টপকে যেতে পারেন হরভজন সিংকে। ভাজ্জির টেস্টে উইকেট রয়েছে ৪১৭টি। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এখন যুগ্মভাবে স্টুয়ার্ট ব্রডের সঙ্গে তিনি রইলেন সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দুই নম্বরে। আর ২টি উইকেট পেলেই প্যাট কামিন্সকে টপকে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এককভাবে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়ে যাবেন।

বিদেশে সফল ইশান্ত
ইশান্ত শর্মা পেয়েছেন তিন উইকেট। এর ফলে বিদেশের মাটিতে তাঁর উইকেটের সংখ্যা দাঁড়াল ২০২। কপিল দেব বিদেশে ভারতের হয়ে সবচেয়ে বেশি ২১৫টি টেস্ট উইকেট পেয়েছেন। তাঁর পরেই রয়েছে জাহির খানের ২০৭ উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে জাহিরকে টপকে যেতে পারবেন ইশান্তও।

বিরাটের রেকর্ড
বিরাট কোহলি দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন। তিনি টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। ব্যাট হাতে টেস্টে সাড়ে সাত হাজার রানও তিনি পূর্ণ করেছেন সাউদাম্পটনে। তাঁর আজকের অধিনায়কত্ব প্রশংসিত হয়েছে সব মহলেই।












Click it and Unblock the Notifications