ICC WTC Final: বিরাট কোহলিকে টেক্কা দিলেন কেন উইলিয়ামসন, এগিয়ে পরিসংখ্যানেও
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিরাট কোহলি জিতেছেন, কেন উইলিয়ামসন জেতেননি। বিরাট কোহলির নেতৃত্বে ভারত বিশ্বকাপ ফাইনাল না খেললেও নিউজিল্যান্ড খেলেছে, তবে জিততে পারেনি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাই দুই অধিনায়কের দিকেই ছিল নজর। টেস্টে পারফরম্যান্সে বিরাট কোহলিকে পিছনেই ফেললেন কেন উইলিয়ামসন।

ফাইনালে টেক্কা
সাউদাম্পটনের ফাইনালে প্রথম ইনিংসে বিরাট কোহলি ১৯৬ মিনিট ক্রিজে ছিলেন, করেছিলেন ৪৪ রান। কেন উইলিয়ামসন প্রথম ইনিংসে ক্রিজে ছিলেন ২৯৪ মিনিট, রান করেন ৪৯। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ৪৩ মিনিটে ক্রিজে ছিলেন, ১৩ রানের বেশি করতে না পারায় সমস্যায় পড়ে ভারত। আর কেন উইলিয়ামসন দ্বিতীয় ইনিংসে ১৪৭ মিনিট ক্রিজে থেকে ৮৯ বলে ৫২ রান করে দলকে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন করে মাঠ ছা়ড়লেন।

অধিনায়কত্বের দ্বৈরথ
বিরাট কোহলি ২০১৪ সাল থেকে ভারতকে টেস্টে নেতৃত্ব দিয়েছেন ৬১টি টেস্টে। জয় ৩৬টিতে, পরাজয় ১৫টিতে, ড্র হয়েছে ১০টি টেস্ট। জয়ের শতকরা হার ৫৯.০১ শতাংশ, পরাজয়ের হার ২৪.৫৯ শতাংশ। অন্যদিকে, কেন উইলিয়ামসন ২০১৬ সাল থেকে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ৩৭টি টেস্টে। ২২টিতে জয়, পরাজয় ৮টিতে, ড্র হয়েছে ৭টি টেস্ট। জয়ের শতকরা হার ৫৯.৪৫ শতাংশ, পরাজয়ের হার ২১.৬২ শতাংশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে ফাইনাল-সহ টানা তিনটি টেস্টে হারিয়ে দুই অধিনায়কের দ্বৈরথেও বিরাটকে পিছনে ফেললেন কেন উইলিয়ামসন।

বিরাটের কেরিয়ার
বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১২ সাল থেকে এখনও অবধি ১০টি টেস্টে ১৯টি ইনিংসে ৮৩০ রান করেছেন। সর্বাধিক ২১১। গড় ৪৮.৮২, তিনটি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে ২০১৪ সাল থেকে ২০২০ অবধি ৪টি টেস্ট খেলেছেন বিরাট। আটটি ইনিংসে রান ২৫২। সর্বাধিক অপরাজিত ১০৫। গড় ৫৭.৫৩। একটি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। অধিনায়ক হিসেবে বিরাট খেলেছেন ৬১টি টেস্ট। ১০০টি টেস্ট ইনিংসে রান করেছেন ৫৪৪৯, সর্বাধিক অপরাজিত ২৫৪। গড় ৫৭.৯৬ শতাংশ। ২০টি শতরান ও ১৫টি অর্ধশতরান বিরাট করেছেন অধিনায়ক হিসেবে। টেস্ট কেরিয়ারে ৯২টি ম্যাচে ১৫৫টি ইনিংসে বিরাটের রান ৭৫৪৭, সর্বাধিক অপরাজিত ২৫৪। গড় ৫২.০৪। ২৭টি টেস্ট শতরান ও ২৫টি অর্ধশতরান রয়েছে বিরাটের।

এগিয়ে কেন
২০১০ সালে আমেদাবাদে টেস্ট অভিষেক হয় কেন উইলিয়ামসনের। ভারতের বিরুদ্ধে খেলেছেন ১২টি টেস্ট। ২২টি ইনিংসে রান করেছেন ৮২৯। সর্বাধিক ১৩১। গড় ৩৯.৪৭। দুটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। একবার শূন্য রানে আউট হয়েছেন ভারত সফরে এসে। ২০১০ থেকে ২০১৬ সাল অবধি ভারত সফরে ৭টি টেস্ট খেলেছেন। ১৩টি ইনিংসে রান ৪৬১। সর্বাধিক ১৩১। গড় ৩৫.৪৬, একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। অধিনায়ক হিসেবে ৩৭টি টেস্টে ৫৯টি ইনিংসে করেছেন ৩১৯৩ রান। সর্বাধিক ২৫১। গড় ৬১.৪০ শতাংশ। ১১টি শতরান ও ১৪টি অর্ধশতরান তিনি করেছেন টেস্ট অধিনায়ক হিসেবে। সবমিলিয়ে ৮৫টি টেস্ট খেলেছেন কেন উইলিয়ামসন। ১৪৮টি ইনিংসে রান করেছেন ৭২৩০। সর্বাধিক ২৫১। গড় ৫৩.৯৫। ২৪টি টেস্ট শতরান ও ৩৩টি অর্ধশতরান করেছেন। টেস্ট কেরিয়ারে ব্যাটিং গড় ও অধিনায়ক হিসেবে ব্যাটিং গড়েও বিরাটের চেয়ে এগিয়েই রয়েছেন উইলিয়ামসন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যাটিংয়ের নিরিখেও এগিয়ে কেন উইলিয়ামসন। ১৫টি টেস্টে ২৪টি ইনিংসে ৯৩৪ রান করেছেন ভারত অধিনায়ক। সর্বাধিক অপরাজিত ২৫৪। গড় ৪২.৪৫। দুটি শতরান, পাঁচটি অর্ধশতরান রয়েছে। শূন্য রানে আউট ৪ বার। কেন উইলিয়ামসন খেলেছেন ১০টি টেস্ট। ১৬টি ইনিংসে রান করেছেন ৯১৮, সর্বাধিক ২৫১। গড় ৬১.২০, তিনটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে। শূন্য রানে আউট হয়েছেন ২ বার।












Click it and Unblock the Notifications