রাহুলের ভারতের সামনে বিরাট সুযোগ! দক্ষিণ আফ্রিকা আচমকা বিশ্রাম দিল তারকা পেসারকে
দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ শুরুর আগেই ক্রিকেট সাউথ আফ্রিকার আচমকা এক ঘোষণা সুবিধা করে দিল ভারতীয় দলের। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছেন আনরিখ নরকিয়া। তারপরও টেস্ট সিরিজে কামব্যাক করে দারুণভাবে সিরিজ পকেটে পুরেছে প্রোটিয়ারা। এবার একদিনের সিরিজে তেম্বা বাভুমারা পাবেন না আরেক তারকা পেসারকে।

বিশ্রামে রাবাডা
সামনের মাসেই দক্ষিণ আফ্রিকার নিউজিল্যান্ড সফর রয়েছে। ঠাসা ক্রীড়াসূচির কথা মাথায় রেখে তাই পেসার কাগিসো রাবাডাকে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হলো। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাবাডা তিনটি টেস্টে ২০টি উইকেট দখল করেছেন। সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে ৭২ রানে তিনটি ও দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৪টি উইকেট নেন। জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসে ৬৪ রানে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি নেন ৭৭ রানের বিনিময়ে তিন উইকেট। কেপ টাউন টেস্টে ৭৩ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৩টি উইকেট দখল করেন।

সুবিধা ভারতের
রাবাডার বেশ কয়েকটি স্পেল টেস্টের মোড় ঘোরানো কিংবা সিরিজের ফল নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। রাবাডার পেস বেশ কয়েকবার অস্বস্তিতে ফেলেছে ভারতীয় ব্যাটারদের। ফলে একদিনের সিরিজে ভারতের স্বস্তি এটাই যে, নরকিয়া ও রাবাডার গতি ও বাউন্সের মোকাবিলা করতে হবে না। পার্লের ছোট বাউন্ডারিতে বেশি রান তোলার হাতছানি থাকায় প্রতিপক্ষকে চাপে ফেলা অনেকটাই সহজ হয়ে গেল ভারতের। টি ২০ বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২৮ রানে তিন উইকেট নিয়েছিলেন রাবাডা। টি ২০ বিশ্বকাপে আটটি উইকেট দখল করেন। ২০২১ সালের আইপিএলে রাবাডা দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৫ ম্যাচে ১৫টি উইকেট নেন।
|
জানসেনের অভিষেক?
রাবাডাকে বিশ্রাম দেওয়া হলেও তাঁর পরিবর্ত কারও নাম ঘোষণা করা হয়নি। ফলে পার্লে মার্কো জানসেনের একদিনের অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেল। ২০১৮ সাল থেকে বিরাট কোহলিকে অস্বস্তিতে ফেলা জানসেন টেস্ট সিরিজে ১৯টি উইকেট নিয়েছেন। তিনটি টেস্টেই ইনিংসে চার উইকেট নেওয়ার নজির রয়েছে। তাঁর টেস্ট অভিষেক হয়েছে সেঞ্চুরিয়নেই। টেস্ট দল থেকে স্পিন বোলিং অলরাউন্ডার জর্জ লিন্ডেকে রেখে দেওয়া হয়েছে একদিনের দলের সঙ্গে। পার্লের উইকেটে স্পিনাররা সাহায্য পাবেন বলে মনে করা হচ্ছে। তাই লিন্ডেও প্রথম একাদশে থাকতে পারেন। টেস্ট সিরিজ জয়ের ধারাবাহিকতাই বজায় রাখতে চান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা।

কেমন হবে একাদশ?
২০১৮ সালে বিরাট কোহলির ভারত দক্ষিণ আফ্রিকায় গিয়ে একদিনের সিরিজ জিতেছিল ৫-১ ব্যবধানে। এবার সিরিজ তিন ম্যাচের। দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজে সাম্প্রতিক পারফরম্যান্স মোটেই ভালো নয়। ২০২০ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর সিরিজ জেতেনি। আয়ারল্যান্ডে সিরিজ ড্রয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরেছে। তবে ২০১৩ সালের পর পার্লে একদিনের ম্যাচ হারেনি প্রোটিয়ারা। প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), জ্যানম্যান মালান, তেম্বা বাভুমা, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস বা জর্জ লিন্ডে, আন্ডিল ফেহলাকওয়াইও, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।












Click it and Unblock the Notifications