IPL 2021 : কেকেআরের ভার নিতে তৈরি আগামী প্রজন্ম, জাহ্নবী-আরিয়ানে মুগ্ধ জুহি চাওলা
IPL 2021 : কেকেআরের ভার নিতে তৈরি আগামী প্রজন্ম, জাহ্নবী-আরিয়ানকে দেখে মুগ্ধ জুহি
২০২১ সালের আইপিএল নিলামের দৃশ্য ক্রিকেট প্রেমীদের মনে থাকবে। কলকাতা নাইট রাইডার্সের টেবিলে যেখানে অনুপস্থিত শাহরুখ খান, জুহি চাওলার মতো তারকারা, সেখানে অ্যাটিটিউটে নজর কাড়েন আগামী প্রজন্ম। ক্রিকেটার কেনাবেচা থেকে অন্যান্য গুরুত্নপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দলের সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে আত্মবিশ্বাসী আরিয়ান খান, জাহ্নবী মেহেতার বুদ্ধিদীপ্ত কথোপকথন ও ক্রিকেট জ্ঞান দেখে মুগ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব। কেকেআরের ভার নিতে যে আগামী প্রজন্ম তৈরি, তা সেদিন প্রমাণ হয়েছিল। এবার সে কথাই উঠে এলে দলের সহ মালিক জয় মেহেতার স্ত্রী তথা অভিনেত্রী জুহি চাওলার মুখেও। ঠিক কী বললেন তিনি।

আগামী প্রজন্ম তৈরি
সিলভার স্ক্রিনে দীর্ঘদিন একসঙ্গে অভিনয় করার সৌজন্যে শাহরুখ খান ও জুহি চাওলার বন্ধুত্ব সম্পর্কে অজানা নন কেউই। অভিনেত্রীর স্বামী জয় মেহেতার সঙ্গেও কিং খানের বন্ধুত্ব যে বেশ নিবিড়, তার প্রমাণও পাওয়া গিয়েছে একাধিকবার। ২০১৩ সালে মেহেতা পরিবারের সঙ্গে গাঁটছড়া বেঁধে ড্রিমজ ফিল্মস আনলিমিটেড নামে একটি প্রোডাকশন হাউসও খুলেছিলেন শাহরুখ। সেই বন্ধন বিচ্ছিন্ন হলেও আইপিএলের সৌজন্যে একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে শাহরুখ ও জুহির পরিবার। নিজেদের আগামী প্রজন্মের মধ্যেও সেই ঐকান্তিকতা দেখে মুগ্ধ হয়েছেন জুহি। বক্তব্য, বড় দায়িত্ব নিতে তাঁদের সন্তানরা তৈরি।
|
আইপিএলের দায়িত্ব নিতে তৈরি
আইপিএলের সৌজন্যে ২০০৮ সাল থেকে একে অপরের সঙ্গে সংযুক্ত বলিউড ইন্ড্রাস্ট্রি কাঁপানো খান ও মেহেতা পরিবার। যে ভাবনা থেকে তাঁরা পথ চলা শুরু করেছিলেন, আগামী প্রজন্মের মধ্যেও তার প্রতিফলন দেখে মুগ্ধ হয়েছেন জুহি। জানিয়েছেন, আইপিএল নিলামের টেবিলে নিজের মেয়ে জাহ্নবী মেহেতা ও শাহরুখ-পুত্র আরিয়ান খানকে দেখে তিনি গর্ব ধরে রাখতে পারেননি। কেকেআর এবং ক্রিকেটের প্রতি সন্তানদের আগ্রহ সন্তুষ্টি দিয়েছে অভিনেত্রীকে। তাঁর বক্তব্য, জাহ্নবী এবং আরিয়ানকে জোর করে এখানে ঠেলে দেওয়া হয়নি। তাঁরা ক্রিকেট সম্পর্কে খোঁজ খবর রাখেন। সেই আগ্রহ থেকেই জাহ্নবী ও আরিয়ান কেকেআরের সঙ্গে সংযুক্ত হয়েছেন বলে জানিয়েছেন জুহি।

আগামীর ক্রিকেট বোধ
আইপিএলের নিলামে আরিয়ানকে দেখে তরুণ শাহরুখ খানের কথা মনে পড়ে গিয়েছিল জুহি চাওলার। অন্যদিকে নিজের কন্যা জাহ্নবী যে তাঁরই ছায়া, সে কথাও জানাতে ভোলেননি অভিনেত্রী। নিজের মেয়ের থেকে ক্রিকেট জ্ঞান আহোরণ নিয়েও কথা বলেছেন জুহি। জানিয়েছেন যে শুধু আইপিএল নয়, বিশ্ব ক্রিকেট সম্পর্কেও খোঁজ খবর রাখেন জাহ্নবী। একইভাবে শাহরুখ খানের পুত্র আরিয়ানের ক্রিকেট প্রেমও মুগ্ধ করেছে জুহিকে।

অনেকটা পিছিয়ে কেকেআর
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২১-এর শেষাংশ। আট দলের প্রতিযোগিতার সপ্তম স্থানে অবস্থান করছে শাহরুখ খান ও জুহি চাওলার দল। সাত ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে কেকেআর। নতুন পর্বের দলের অন্য রূপ দেখা যাবে বলে আশাবাদী অভিনেত্রী। আগামী ২০ সেপ্টেম্বর এই আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মোকাবিলায় নামবে জুহি চাওলার দল।












Click it and Unblock the Notifications