ফের ব্যাট হাতে নিজের জাত চেনালেন জস বাটলার। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পর পর পাঁচ ম্যাচে পাঁচটি অর্ধশতরান করলেন জস বাটলার। প্রথম এই কীর্তি অর্জন করেছিলেন বীরেন্দ্র সহবাগ।
মুম্বই ইন্ডিয়ান্সেকে মূলত হারতে হল এই ব্রিটিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানের দাপুটে ইনিংসের উপর ভর করেই। মুম্বইয়ের ১৬৮ রানের জবাবে ১৮ ওভারে মাত্র দু'উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস। যার সিংহভাগই আসে বাটলারের ব্যাট থেকে। ৫৩ বলে ৯৪ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন জস বাটলার। ৯টি চার এবং ৫টি ছয় দিয়ে সাজানো ছিল বাটলারের ইনিংস। নিজের দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে এই ম্যাচে, ম্যাচের সেরা নির্বাচিত হন জস বাটলার।
চেন্নাইয়ের বিরুদ্ধেও অপরাজিত থেকে একা কাঁধে দলকে জয় এনে দিয়েছিলেন জস বাটলার। গত ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন বাটলার। এই ম্যাচে দুরন্ত ইনিংসের সৌজন্যে ১২ ম্যাচে ৫০৯ রান করে সর্বোচ্চ রান শিকারির তালিকায় পাঁচ নম্বরে উঠে এল জস বাটলার।