আইপিএলে খেলবেন না জনি বেয়ারস্টো, ইংল্যান্ডের তারকা বড় ধাক্কা দিলেন পাঞ্জাব কিংসকে
আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জনি বেয়ারস্টো। গলফ কোর্সে পা পিছলে গিয়ে তাঁর লিগামেন্টে গুরুতর চোট লেগেছিল গত সেপ্টেম্বরে। অস্ত্রোপচারও হয়। রিহ্যাব চলার মধ্যেই সম্প্রতি তিনি দৌড় শুরু করেছিলেন। নেটে ব্যাটিং প্র্যাকটিসও। যদিও আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন না।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ, বেয়ারস্টোর অস্ত্রোপচারের সময় বাঁ পায়ে ধাতব প্লেট বসানো হয়েছে। প্রত্যাশিতভাবেই তিনি আরোগ্য লাভ করছেন। যদিও খেলার মাঠে ফিরতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। এই চোটের কারণে তিনি টি ২০ বিশ্বকাপে খেলতে পারেননি। কয়েক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। আইপিএল থেকে সরে দাঁড়ালেও কাউন্টি ক্রিকেট খেলার পরিকল্পনা রয়েছে বেয়ারস্টোর।

ইংল্যান্ডের পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজেও খেলতে পারেননি বেয়ারস্টো। তবে কাউন্টিতে পারফর্ম করে অ্যাশেজ সিরিজের দলে কামব্যাককেই গুরুত্ব দিচ্ছেন তিনি। সেইমতোই নিজেকে প্রস্তুত রাখছেন। যদিও বেয়ারস্টো নিজে বা ইসিবি কিংবা পাঞ্জাব কিংস দলের তরফে এখনও এ ব্যাপারে কোনও বিবৃতি জারি করা হয়নি। আউটডোর ট্রেনিংয়ের পাশাপাশি বেয়ারস্টো ইয়র্কশায়ারের হয়ে মাঠে নামার জন্য নেটে সময় কাটানো শুরু করেছেন।
বেয়ারস্টোকে ২০২২ সালের আইপিএলের আগে নিলাম থেকে ৬.২৫ কোটি টাকায় কিনেছিল পাঞ্জাব কিংস। যদিও তিনি সুনামের প্রতি সুবিচার করতে পারেননি। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের সদস্য গত আইপিএলে ১১টি ম্যাচে ২৫৩ রান করেছিলেন। ব্যাটিং গড় ছিল ২৩। দুটি অর্ধশতরানও করেন। শিখর ধাওয়ান এবার পাঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন। বেয়ারস্টোর বিকল্প হিসেবে কাকে পাঞ্জাব কিংস বেছে নেয় সেটাই দেখার।












Click it and Unblock the Notifications