Joe Root: ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন জো রুট
ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন জো রুট
ইংল্যান্ডের টেস্ট দলের লাগাতার খারাপ পারফরম্যান্স প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল অধিনায়ক হিসেবে জো রুটের দক্ষতাকে। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাসেজে হোয়াইট ওয়াশ হওয়া থেকে কোনও ক্রমে রক্ষা পেয়েছে ইংল্যান্ড। প্যাট কামিন্সের দলের বিরুদ্ধে ০-৪ ব্যবধানে ঐতিহ্যের অ্যাসেজ হেরে ফিরতে হয়েছে দেশে। ওয়েস্ট ইন্ডিজেও গিয়েও ০-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে ইংল্যান্ড। অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন জো রুট। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা তারকা।

টেস্ট অধিনায়ক হিসেবে শেষ দুই সিরিজে একটি ম্যাচেও জিততে না পারলেও ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সফলতম অধিনায়ক জো রুট। তাঁর নেতৃত্বে ব্রিটিশ দলটি ২৭টি টেস্ট ম্যাচ জিতেছে। তিনি পিছনে ফেলে দিয়েছেন মাইকেল ভন, স্যার অ্যালেস্টার কুক এবং স্যার অ্যান্ড্র স্ট্রসকে। ভনের নেতৃত্বে ২৬টি টেস্ট ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। কুক এবং স্ট্রসের নেতৃত্বে ২৪টি করে টেস্ট ম্যাচ জিতেছিল ইংলিশ দল।
২০১৭ সালে অ্যালেস্টার কুকের হাত থেকে ইংল্যান্ডের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার ব্যাটন যায় জো রুটের কাছে। একাধিক গর্বের মুহূর্ত দেশবাসীকে উপহার দিয়েছেন রুট। তাঁর নেতৃত্বে স্মরণীয় বেশ কিছু টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড দল। রুটের নেতৃত্বেই ২০১৮ সালে ভারতকে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পরাজিত করে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকায় গিয়ে রুটের নেতৃত্বাধীন দল প্রোটিয়া বাহিনীকে সিরিজ হারিয়েছে ৩-১ ব্যবধানে। ২০০১ সালের পর প্রথম ইংলিশ অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছিলেন রুট। এই একই কৃতিত্বের পুনরাবৃত্তি তিনি করেন ২০২১ সালে। সেই বছর তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে জয়াগা করে নিয়েছেন জো রুট। তাঁর আগে একমাত্র রয়েছে অ্যালেস্টার কুক। অধিনায়ক হিসেবে আদি ফরম্যাটের ক্রিকেটে ১৪টি শতরান রয়েছে রুটের। নিজের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছেন, "ক্যারিবিয়ান ট্যুর থেকে ফেরার পর, ভাবার জন্য় অনেকটা সময় পেয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর। আমার কেরিয়ারের নেওয়া সব থেকে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল এটা, কিন্তু আমার পরিবারের সঙ্গে এবং কাছের মানুষদের সঙ্গে আলোচনার পর আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সেরা সময়।" তাঁর আরও সংযোজন, "আমার দেশকে নেতৃত্ব দিতে পারায় আমি অত্যন্ত গর্বিত এবং গর্বের সঙ্গেই এই পাঁচ বছরকে আমি ফিরে দেখব।"












Click it and Unblock the Notifications