ENG vs WI: রুটের শতরানের পর বশিরের নজির! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ইংল্যান্ডের
ENG vs WI: ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টে ২৪১ রানে জয় ছিনিয়ে সিরিজ পকেটে পুরে ফেলল ইংল্যান্ড। তিন টেস্টের সিরিজের প্রথম দুটিতে জয় পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও উত্থান বেন স্টোকসদের।
জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩৮৫ রান। কিন্তু মাত্র ১৪৩ রানেই ক্যারিবিয়ানরা গুটিয়ে গেল শোয়েব বশিরের দাপটে।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্টোকসের দলের ৪১৬ রানের জবাবে ক্রেগ ব্রাথওয়েটের দল তুলেছিল ৪৫৭ষ তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ২৪৮। আজ চতুর্থ দিনে ইংল্যান্ড তোলে ৪২৫।
জো রুট ১৭৮ বলে ১২২ ও হ্যারি ব্রুক ১৩২ বলে ১০৯ রান করেন। রুট টেস্টে সর্বাধিক শতরানকারীদের তালিকায় ধরে ফেললেন কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ ও স্টিভ ওয়াকে। সকলেরই টেস্টে ৩২টি শতরান রয়েছে। আর একটি টেস্ট সেঞ্চুরি করলেও অ্যালাস্টেয়ার কুককে ধরে ফেলবেন রুট।
জবাবে খেলতে নেমে ৩৬.১ ওভারে ১৪৩ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ। ১১.১ ওভারে ২টি মেডেন-সহ ৪১ রান খরচ করে পাঁচটি উইকেট দখল করলেন শোয়েব বশির। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে কম বয়সে (২০ বছর ২৮২ দিন) পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। ভাঙলেন জেমস অ্যান্ডারসনের রেকর্ড।
ক্রিস ওকস ও গাস অ্যাটকিনসন দুটি করে এবং মার্ক উড ১ উইকেট নেন। ২৬ জুলাই থেকে বার্মিংহ্যামে তৃতীয় তথা শেষ টেস্ট। এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ছয়ে চলে এলো ইংল্যান্ড। ভারত রয়েছে শীর্ষে। দুই থেকে পাঁচে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। আগামী বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।












Click it and Unblock the Notifications