নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশকে করে ভারতের জন্য হুঙ্কার স্টোকসের, ইংল্যান্ডের সিরিজ জয়ে সেরা রুট
বেন স্টোকস অধিনায়ক, ব্রেন্ডন ম্যাকালাম কোচ। টেস্টে এই নতুন জুটিই ইংল্যান্ডকে প্রথম সিরিজে এনে দিল স্মরণীয় জয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড। সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। আজ হেডিংলিতে ৭ উইকেটে জয় নিশ্চিত হতেই স্টোকসরা সিরিজ জিতলেন একেবারে ৩-০ ব্যবধানে। যা ভারতের বিরুদ্ধে এজবাস্টনে নামার আগে ইংল্যান্ডকে আরও আত্মবিশ্বাসী করে তুলল।
|
দুরন্ত জয়
জয়ের জন্য ২৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ১৮৩ রান। অলি পোপ অপরাজিত ছিলেন ৮১ রানে, জো রুট ৫৫ রানে। বৃষ্টির কারণে আজ টেস্টের শেষ দিনের খেলা শুরু হয় আড়াই ঘণ্টা দেরিতে। ৩৯.৫ ওভারে অলি পোপকে বোল্ড করে দেন টিম সাউদি। পোপ ১০৮ বলে ৮২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর আর কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৫৪.২ ওভারে। রুট ১২৫ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন। জনি বেয়ারস্টো মাত্র ৪৪ বলে ৭১ রান করে অপরাজিত থেকে যান। বেয়ারস্টো ৮টি চার ও তিনটি ছয় মেরেছেন। রুটের ইনিংসে রয়েছে ১১টি চার ও ১টি ছয়।
|
৩-০ সিরিজ জয়ে সেরা রুট
তিন টেস্টের সিরিজে ৩৯৬ রান ও ১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন জো রুট। সিরিজে নিউজিল্যান্ড দলের সেরা হয়েছেন ড্যারিল মিচেল। দুই ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন স্পিনার জ্যাক লিচ। ইংল্যান্ড শেষ দুটি টেস্টই জিতল একদিনের মেজাজে ঝোড়ো গতিতে রান তুলে। রুট বলেন, বেয়ারস্টো দারুণ ব্যাটিং করলেন। মনে হচ্ছিল ৫০ ওভারের ম্যাচ চলছে। বেয়ারস্টো অসাধারণ প্লেয়ার। আত্নবিশ্বাসের সঙ্গে স্বাধীনভাবে তিনি যে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন তা সত্যিই দেখতে ভালো লাগছে। আমরা সকলেই এই সিরিজ উপভোগ করেছি। সিরিজ যত এগিয়েছে প্রত্যেকের আত্মবিশ্বাস যেন তত বেড়েছে। টেস্ট সিরিজ খেলাই তো এভাবে উপভোগের জন্য। গত কয়েক সপ্তাহ ধরে এই দল যেভাবে খেলেছে সেই মনঃসংযোগ ধরে রাখতে হবে। আমি নিশ্চিত ভারতের বিরুদ্ধে টেস্ট ও তার পরের সিরিজগুলির জন্যও বেন স্টোকস পরিকল্পনা তৈরি করে রেখেছেন।
|
একই মানসিকতা নিয়ে ভারতের বিরুদ্ধে
রুটের হাত থেকে টেস্ট অধিনায়কত্ব পেয়েই কিউয়িদের হোয়াইটওয়াশ করে জয়। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস বলেন, বিশ্বের সেরা দলের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয় অনবদ্য কীর্তি। টেস্ট ক্রিকেট সম্পর্কে ক্রিকেটারদের মানসিক গঠন বদলানোতেই এই ফলাফল। যে দ্রুততার সঙ্গে এটা হয়েছে তা অবিশ্বাস্য। কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও সাপোর্ট স্টাফদের কৃতিত্ব দেব। ব্যাটিং বিপর্যয় সামলেও ষেভাবে দাপটের সঙ্গে ইংল্যান্ড জয় ছিনিয়ে নিচ্ছে তা খুশি করছে স্টোকসকে। প্রত্যেক পজিশনে সেরাদের নিয়েই দল গড়া হয়। অলি পোপ সারের ফর্ম ধরে রেখে বিশ্বকে দেখাচ্ছেন তাঁর দক্ষতা। ভারত সম্পূর্ণ আলাদা রকমের প্রতিপক্ষ। কিন্তু আমরা একই মানসিকতা নিয়ে নামব।
|
টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপে
উল্লেখ্য, গত বছর সিরিজ অসমাপ্ত থাকাকালীন ভারত চারটি টেস্টের পর ২-১ ব্যবধানে এগিয়ে। ড্র হলে বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনে থাকা ভারতই সিরিজ জিতবে। ইংল্যান্ড জিতলে সিরিজ ড্র হবে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষই হয়ে গেল নিউজিল্যান্ডের পক্ষে। কেন উইলিয়ামসনের দলের পয়েন্ট ২৮, সাফল্যের শতকরা হার২৫.৯৩ শতাংশ, দুটি টেস্ট জিতেছে, ৬টিতে হেরেছে, একটি ড্র। নিউজিল্যান্ড আছে আটে, সাতে ইংল্যান্ড, ৪টিতে জিতেছে, সাতটিতে হেরেছে, ড্র চারটি, সাফল্যের হার ২৮.৮৯ শতাংশ। অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে, দুইয়ে দক্ষিণ আফ্রিকা। চারে শ্রীলঙ্কা, পাঁচে পাকিস্তান ও ছয়ে ওয়েস্ট ইন্ডিজ।












Click it and Unblock the Notifications