Joe Root: লর্ডস টেস্টে জোড়া শতরানে নজির রুটের, সচিনের রেকর্ড ভাঙার সম্ভাবনা কতটা?
Joe Root: লর্ডস টেস্টে জোড়া শতরান জো রুটের। যার সুবাদে তিনি গড়লেন একাধিক নজির। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০৬ বলে ১৪৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে করলেন ১২১ বলে ১০৩।
রুট যে ছন্দে রয়েছেন তাতে কয়েক বছরের মধ্যে তিনি ভেঙে দিতে পারেন টেস্টে সচিন তেন্ডুলকরের সর্বাধিক রানের রেকর্ড।

২০০টি টেস্টে ৩২৯ ইনিংসে সচিন তেন্ডুলকরের ১৫,৯২১ রান রয়েছে। রুট আপাতত এই তালিকার সাতে। তাঁর রান ১৪৫টি টেস্টে ২৬৫ ইনিংসে ১২,৩৭৭ রান। অর্থাৎ ৩,৫৪৪ রান দরকার। ২০২১ থেকে ৪৮টি টেস্টে রুট ৪,৫৫৪ রান করেছেন। ১৭টি শতরান, ১৫টি হাফ সেঞ্চুরি-সহ। গড় ৫৬.৯২।
রুট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমার মূল লক্ষ্য হলো খেলা চালিয়ে যাওয়া, দলের হয়ে যত বেশি পারা যায় রান করা। তারপর দেখা যাক কী হয়। শতরান পাওয়া তাঁর কাছে যে তৃপ্তির সে কথা উল্লেখ করে রুট বলেন, সবচেয়ে ভালো অনুভূতি টেস্ট জিততে পারাতেই।
গতকালের শতরানের সৌজন্যে অ্যালাস্টেয়ার কুককে টপকে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট শতকানকারীর রেকর্ড নিজের দখলে নেন রুট। ইউনিস খান, সুনীল গাভাসকর, ব্রায়ান লারা, মাহেলা জয়বর্ধনের পর রুটের নামের পাশেও এখন ৩৪টি টেস্ট শতরান।
লর্ডসে টেস্টের দুই ইনিংসেই শতরান হাঁকিয়ে রুট নিজের নাম লেখালেন জর্জ হেডলি, গ্রাহাম গুচ ও মাইকেল ভনের পাশে। লর্ডসে টেস্টে সবচেয়ে বেশি রান করার কীর্তিও স্থাপন করলেন। গ্রাহাম গুচ লর্ডসে টেস্টে ২০১৫ রান করেছিলেন, রুটের রান ২০২২।
এই টেস্ট চলাকালীনই দেশের মাটিতে সবচেয়ে বেশি রানের নিরিখে কুকের রেকর্ড ভেঙেছিলেন রুট। গতকালের শতরানে সেই ব্যবধান আরও বাড়ল। রুট হাঁকালেন আন্তর্জাতিক কেরিয়ারের ৫০তম শতরান। টেস্টে ৩৪টি ও একদিনের আন্তর্জাতিকে তাঁর শতরান ১৬টি। ইংল্যান্ডের প্রথম তথা নবম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এই নজির রুটের।
গতকাল ১১১ বলে শতরান পূর্ণ করেন রুট। যা তাঁর টেস্ট কেরিয়ারের দ্রুততম। এর আগে, ২০২২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ট্রেন্ট ব্রিজে ১১৬ বলে শতরান করেছিলেন। টেস্টে ২০০টি ক্যাচ ধরার নজিরও গড়লেন রুট।
লর্ডস টেস্টের আজ শেষ দিন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪২৭ রানের জবাবে শ্রীলঙ্কা তুলেছিল ১৯৬ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড তোলে ২৫১ রান। শ্রীলঙ্কার সামনে জেতার টার্গেট ৪৮৩ রানের। চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কা ২ উইকেটে ৫৩ রান তুলেছে।












Click it and Unblock the Notifications