চাকদহ থেকে লর্ডসে পৌঁছল মায়ের প্রার্থনা, আগুন বোলিং ঝুলনের
মেয়ে লর্ডসের মাঠে খেলছে সকাল থেকে , আর সুদূর চাকদায় পরিবার ব্যস্ত মেয়ের মঙ্গল কামনায়
২২ জুলাই রবিবার সকাল থেকেই দিনটা একটু অন্যরকম। নদীয়ার চাকদহের গোস্বামী পরিবারে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। ঘরের মেয়ে ঝুলন বহু হাজার কিলোমিটার দূরে নামবে জাতীয় দলের জার্সি গায়ে লর্ডসের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলতে।


ঝুলনের মা সকাল থেকে মেয়ের মঙ্গলকামনায় পুজোয় ব্যস্ত। বাড়ির বাকি সদস্যরা দ্রুত নিজেদের কাজ শেষ করে হাজির টিভির সামনে। বাড়িতে লাগানো হয়েছে জায়ন্ট স্ক্রিন। শুধু পরিবারের সদস্যরাই নন, হাজির পাড়া প্রতিবেশীরাও। কারণ বিশ্বমঞ্চে দেশকে সম্মান এনে দিতে গেছেন তাঁদের ঘরের মেয়ে ঝুলন।

ছোট থেকেই খেলাধুলোর প্রতি দারুণ আসক্ত নিশীথ গোস্বামীর মেয়ে ঝুলন। মেয়ের অনেক লড়াইয়ের সাক্ষী তাঁরা। তাই আজ গর্বে ভরে উঠছে গোস্বামী পরিবারের প্রতিটা মানুষের বুক। সকাল থেকেই ম্যাচ দেখেছেন সকলে। বাদ দেননি একটি ওভারও।

ঘরের মেয়ের দুরন্ত পারফরমেন্স উপভোগও করেছেন তাড়িয়ে তাড়িয়ে। কারণ তাঁরা সবচেয়ে ভাল জানেন বেঙ্গল এক্সপ্রেস কিসে সবচেয়ে খুশি হন।












Click it and Unblock the Notifications