জেমাইমার অপরাজিত শতরান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বকাপ ফাইনালে ভারত
নভি মুম্বইয়ে আজকের দিনটি ভারত তথা বিশ্বের মহিলা ক্রিকেটের কাছে স্মরণীয় করে রাখলেন জেমাইমা রডরিগেজ। তাঁর অপরাজিত শতরান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার খেতাব ধরে রাখার স্বপ্ন চুরমার করে দিল।
৫০ ওভারের মহিলা ক্রিকেটের বিশ্বকাপ এবার পাবে নতুন চ্যাম্পিয়ন। সর্বাধিক রান সফলভাবে তাড়া করার রেকর্ড গড়ে ভারত দাপুটে জয় ছিনিয়ে নিল ফেভারিট অজিদের বিরুদ্ধে। ১৫ ম্যাচ জেতার পর থামল অস্ট্রেলিয়ার বিজয়রথ। যার ফলে দেশের মাটিতে বিশ্বকাপ দখলে নেওয়ার লক্ষ্যে হরমনপ্রীতরা নামবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। ৪৯.৫ ওভারে অ্যালিসা হিলির দল তোলে ৩৩৮ রান। ফিবি লিচফিল্ড ১৭টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৯৩ বলে ১১৯ রান করেন। এলিস পেরি ৮৮ বলে ৭৭ ও অ্যাশ গার্ডনার ৪৫ বলে ৬৩ রান করেন। শ্রী চরণী ও দীপ্তি শর্মা ২টি করে এবং ক্রান্তি গৌড়, আমনজ্যোত কৌর ও রাধা যাদব নেন ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ভারত ৯.২ ওভারে ৫৯ রান তোলার ফাঁকে দুটি উইকেট হারায়। শেফালি ভার্মা ৫ বলে ১০ ও স্মৃতি মান্ধানা ২৪ বলে ২৪ রান করেন। এরপর ভারতের জয়ের আশা জাগায় জেমাইমা ও অধিনায়ক হরমনপ্রীত কৌরের তৃতীয় উইকেট জুটিতে ১৬৭ রানের পার্টনারশিপ, যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড।
হরমনপ্রীত ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৮ বলে ৮৯ রান করলেন। দীপ্তি শর্মা ১৭ বলে ২৪ ও রিচা ঘোষ ১৬ বলে ২৬ রান করেন। শেষ অবধি টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন জেমাইমা। বিশ্বকাপের শুরুর দিকে প্রত্যাশা পূরণ করতে পারেননি। বাদ পড়েছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমে দুরন্ত ইনিংস খেলেন। আজ খেললেন কেরিয়ারের সেরা ইনিংস।
ওডিআই কেরিয়ারের তৃতীয় শতরান হাঁকালেন। ১৪টি চারের সাহায্যে ১৩৪ বলে ১২৭ রানের অপরাজিত রান তাঁর কেরিয়ারের সর্বাধিক স্কোর। শতরান করার পর সেলিব্রেশন করেননি। দেশকে ফাইনালে তুলে তবেই সেলিব্রেট করলেন। তখন তাঁর চোখে আনন্দাশ্রু। ভারত ৯ বল বাকি থাকতে জয় পেল ৫ উইকেটে। আমনজ্যোত কৌর ৮ বলে ১৫ রান করে অপরাজিত থাকলেন। বেশ কয়েকবার ভাগ্যের সহায়তা পেয়েছেন জেমাইমা। বিশেষ করে অধিনায়ক অ্যালিসা হিলি তাঁর ক্যাচ ফেলেন, যা শেষ অবধি অজিদের বিশ্বকাপ থেকেই ছিটকে দিল।
অ্যানাবেল সাদারল্যান্ড ও কিম গার্থ ২টি করে উইকেট নেন। ক্যাজুয়াল ভাব দেখিয়ে গুরুত্বপূর্ণ সময়ে দীপ্তি রান আউট হন, যা ভারতের রেকর্ড রান তাড়া করে জেতার পথে অন্তরায়ও হতে পারতো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ফিল্ডিংয়েরও উন্নতি দরকার। তবে আজকের এই জয় রবিবারের ফাইনালে ভারতকে যে উজ্জীবিত করবে তা বলার অপেক্ষা রাখে না। নিজের শহরে ইতিহাস গড়ে জেমাইমা কৃতজ্ঞতা জানালেন যীশু খ্রীষ্টের প্রতি। জানালেন, খারাপ সময়ে বাইবেলের লাইনই তাঁকে ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে।












Click it and Unblock the Notifications