রোহিতকে নিয়ে বড় ভুল করেছে ভারত! বিরাটদের পরাজয়ে কোথায় খামতি? বিশ্লেষণে মাহেলা জয়বর্ধনে
টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সের সফল হেড কোচ। টি ২০ বিশ্বকাপে ভারতের দলে এক-তৃতীয়াংশের বেশি মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার। রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহারদের নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকেই ভারতের দুটি ম্যাচের বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করেছেন জয়বর্ধনে।

সূর্যকুমার যাদব চোটের কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ড ম্যাচে। ঈশান কিষাণকে দলে নিয়ে ওপেন করতে পাঠিয়েছিল ভারত। রোহিত শর্মা নামেন তিনে, বিরাট কোহলি চারে। এখানেই ভারত বড় ভুল করেছে বলে উপলব্ধি মাহেলার। তিনি বলেন, সব দলের দিকে তাকালেই দেখা যাবে প্রথম তিন ব্য়াটারের অবস্থানে পরিবর্তন আনা হয় না। কারা ওপেন করবেন আর তিনে নামবেন সেটা অনেক আগে থেকেই চূড়ান্ত। এতে ওপেনাররা ভালো শুরু করতে পারেন, তিনে যিনি ব্যাট করতে নামেন তাতে ইনিংসের দুই অর্ধেই তিনি হাল ধরে থাকতে পারেন। পরে যাঁরা ব্যাট করতে নামেন তাঁরা সেই সুযোগ নিয়ে বড় রানের দিকে দলকে নিয়ে যেতে পারেন। প্রয়োজনমতো পরের দিকের ব্যাটারদের আগে-পরে নামালেও সমস্যা হয় না। রোহিত ওপেন করলে নিউজিল্যান্ড ম্যাচে ভারতের বিপর্যয় হতো না বলেই মত জয়বর্ধনের। তিনি বলেছেন, টি ২০-তে রোহিত বেশি ওপেনই করেন। বিরাট কোহলির হয় ওপেন করা উচিত, নয়তো তিনে নামা উচিত।

জয়বর্ধনের কথায়, চারে নেমে যেভাবে ব্যাট করতে হয় সেটা লোকেশ রাহুলও ভালোই পারেন বলে আমার বিশ্বাস। এমনকী ভারতের শুরুটা ভালো হলে ঋষভ পন্থকেও চারে পাঠানো যেতে পারে। নিউজিল্যান্ড দলে বাঁহাতি স্পিনার স্যান্টনার ছিলেন, লেগ স্পিনার ইশ সোধি ছিলেন। ফলে ভারত যদি টপ অর্ডারে রদবদল না করে ভালো শুরু করত, তাহলে চারে পন্থ কার্যকরী ভূমিকা নিতে পারতেন চার নম্বরে। তাঁর পরে আরও ব্যাটার থাকায় মন খুলে ওই স্পিনারদের বিরুদ্ধে স্বাভাবিক খেলাটাই চালিয়ে যেতে পারতেন। তিনজন ব্যাটারের পজিশন পরিবর্তন না করে একজন ব্যাটারের স্থান পরিবর্তন করলেই খেলা অন্যরকম হতো বলে উপলব্ধি মাহেলার। নিউজিল্যান্ডের নতুন বলের আক্রমণ খুব ভালো, ফলে প্রথম তিন-চার ওভার সামলানোর পরিকল্পনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যাঁরা যে পজিশনে ব্যাট করে থাকেন, তাঁদের আচমকা পজিশন বদলানো ভারতের বড় ভুল হয়েছে বলেই মত মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচের। বিশ্বকাপের প্রথম রাউন্ডে জয়বর্ধনেকে পরামর্শদাতা হিসেবে রেখেছিল শ্রীলঙ্কা।

পাকিস্তানের পর নিউজিল্যান্ড ম্যাচেও ভারতকে ছন্নছাড়া দেখিয়েছে বলেই মনে করেন জয়বর্ধনে। কেউ ব্যর্থ হলে কী ভূমিকা পালন করতে হবে, অনেকের মধ্যেই সেই স্বচ্ছ ধারণা ছিল না বলেই মনে করেন জয়বর্ধনে। ভারতের দল গঠনের খামতি, দলের কাঙ্ক্ষিত বাঁধুনি না থাকাকেও ব্যর্থতার কারণ হিসেবে চিহ্নিত করেছেন জয়বর্ধনে। তাঁর মতে, খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে স্টেবল দল নিয়েই নামা উচিত ছিল ভারতের। যদি টি ২০ বিশ্বকাপে ভারত ভালো করতে না পারে তাহলে আগামী বছর বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করতে হবে এবারের থেকে শিক্ষা নিয়ে। আইপিএলে অনেক ক্রিকেটার ভয়ডরহীনভাবে খেলে থাকেন। ফলে অভিজ্ঞতার সঙ্গে ভয়ডরহীন ক্রিকেটের মিশেল ঘটালেই টি ২০-তে সাফল্যলাভ সম্ভব বলে বিশ্বাস মাহেলার।












Click it and Unblock the Notifications