আইসিসিতে বাড়ল জয় শাহ-র প্রভাব ও গুরুত্ব, দুই বছর চেয়ারম্যান পদে থাকছেন গ্রেগ বার্কলে
প্রত্যাশিতভাবেই আইসিসির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন গ্রেগ বার্কলে। তাঁকে এই পদে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে পুরস্কৃত হলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি- ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির প্রধান হওয়া নিশ্চিত হয়ে গেল অমিত শাহের পুত্র। স্বাভাবিকভাবেই আইসিসিতে বিসিসিআইয়ের দাপট অব্যাহতই রইল।

জয়ের গুরুত্ব বাড়ল
আইসিসি বোর্ডের সভাগুলিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রতিনিধিত্বও করবেন জয় শাহই। আইসিসি বোর্ডের শীর্ষে আইসিসি চেয়ারম্যান, তিনিই সভাগুলিও পরিচালনা করে থাকেন। জয় শাহ যে কমিটির মাথায় বসলেন তা ঠিক করে আইসিসির বার্ষিক বাজেট, রেভিনিউ শেয়ারিং মডেল, স্পনসরশিপ, বিভিন্ন চক্রের জন্য নানাবিধ স্বত্ত্বাধিকারের বিষয়গুলি। জয় মেলবোর্নে আইসিসির বোর্ড মিটিংয়ে যোগ দেবেন। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ ফাইনাল দেখতে হাজির থাকবেন বিসিসিআই সভাপতি রজার বিনি ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

চেয়ারম্যান পদে বার্কলে
২০২৪ সাল পর্যন্ত 'আইসিসি চেয়ার' পদে থাকছেন গ্রেগ বার্কলে। গতকালই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান জিম্বাবোয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি। এমনিতেও বার্কলের জয়ই নিশ্চিত ছিল। কিন্তু গতকালের পর তাঁর ফের পদে পুনর্বহালের বিষয়টি নিষ্কন্টক হয়ে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি চেয়ারম্যান হতে চেয়েছিলেন। বিভিন্ন দেশ সৌরভকে সমর্থনের জন্য প্রস্তুতও ছিল। যদিও বিসিসিআই বার্কলেকেই সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় সৌরভের আইসিসির শীর্ষপদে বসার সম্ভাবনা আপাতত শেষ হয়ে যায়। আইসিসির বোর্ডে দীর্ঘদিন ডিরেক্টরের দায়িত্ব সামলানো মুকুহলানি অন্তত ৬টি দেশের সমর্থন আদায় করে ফেলেছিলেন। কিন্তু বিসিসিআই বাকিদের প্রভাবিত করায় প্রথম থেকেই ফেভারিট ছিলেন বার্কলেই।

সৌরভের পথ আটকানোর পুরস্কার পেলেন জয়
আইসিসির কেউই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে তারই মধ্যে একটি ক্রিকেট ওয়েবসাইটকে আইসিসির একাধিক ডিরেক্টর নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিসিসিআই বার্কলেকে সমর্থনের বার্তা দেওয়ার পাশাপাশি হিসেব কষতে থাকে কার ভোট কার দিকে যেতে পারে। সেইমতো রণকৌশল স্থির করে প্রভাব খাটানোর পর্ব চলতে থাকে। বিনিময়ে আইসিসির ফিনান্স ও কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির নিয়ন্ত্রণ বিসিসিআই পেল। কোন দেশ লভ্যাংশের কতটা পরিমাণ পাবে, সেই সব বিষয়েই সিদ্ধান্ত নেয় এই কমিটি।

ধুমল সিইসিতে
জানা যাচ্ছে, আইসিসি বোর্ড মিটিংয়ের সপ্তাহখানেক আগেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছেন জয় ও ধুমল। আইসিসিতে বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করার নিরিখে সৌরভের স্থলাভিষিক্ত হয়েছেন জয়। আইসিসির চিফ এগজিকিউটিভ কমিটির সভায় থাকবেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল। ২০২৩ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে রস ম্যাককলামের থেকে এফ অ্যান্ড সিএ কমিটির দায়িত্ব নেবেন জয়। আইসিসির ডেপুটি চেয়ার ইমরান খাওয়াজা ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটিরও প্রধান থাকবেন।












Click it and Unblock the Notifications