Jay Shah: সর্বকনিষ্ঠ আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ, ক্রিকেটকে আরও জনপ্রিয় করার দিলেন প্রতিশ্রুতি
অবশেষে হয়ে গেল সরকারি ঘোষণা। আইসিসির চেয়ারম্যান পদে বিনা লড়াইয়েই জিতলেন জয় শাহ। মঙ্গলবার বিকেলেই স্পষ্ট হয়ে যায় জয় শাহ আইসিসির পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন। রাতের দিকে আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল নির্বাচন ছাড়াই পালা বদল হচ্ছে আইসিসির মসনদে।
মাত্র ৩৬ বছর বয়সে আইসিসির চেয়ারম্যান পদে বসছেন জয় শাহ। তিনিই সর্বকনিষ্ঠ আইসিসির চেয়ারম্যান হতে চলেছেন। আগামী ১লা ডিসেম্বর থেকে তিনি আইসিসির কার্যভার গ্রহণ করবেন। আরও একবার ভারতীয় ক্রিকেট প্রশাসক আইসিসির সর্বোচ্চ পদে বসতে চলেছে।

জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, "আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়ে আমি সম্মানিত। আমি ক্রিকেটের উন্নয়ন ঘটানোর প্রচেষ্টা চালিয়ে যাব। আইসিসি এবং আমাদের সদস্য দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়েছি যেখানে একাধিক ফরম্যাটের সহাবস্থানের ভারসাম্য বজায় রাখা, উন্নত প্রযুক্তি গ্রহণের প্রচার করার সময় এসেছে।’
একইসঙ্গে শাহ আরও বলেন, সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। নতুন বৈশ্বিক বাজারে আমাদের মার্কি ইভেন্টগুলিকে পরিচয় করিয়ে দেওয়া ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য ক্রিকেটকে আগের চেয়ে আরও বেশি জনপ্রিয় করা।
জয় শাহ বিশ্বব্যাপী ক্রিকেটকে আরও জনপ্রিয় করার পাশাপাশি নতুন উদ্ভাবন গ্রহণ করার এবং অভিজ্ঞতা থেকে শেখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। বর্তমান বিসিসিআই সচিব ২০২৮ অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে দেখছেন। অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হওয়ার ফলে ক্রিকেটের জনপ্রিয়তাকে বাড়িয়ে তুলবে বলেই তিনি মনে করেন।
জয় শাহ বলেন, 'আমরা চাইব প্রতিদিন উন্নতি করতে, আরও বেশি করে নতুন কিছু শিখতে, বিশ্বব্যাপী ক্রিকেটের প্রতি জনপ্রিয়তাকে উন্নত করার জন্য আমাদের নতুন চিন্তাভাবনা এবং উদ্ভাবনও গ্রহণ করতে হবে। আগামী অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি এই খেলার জনপ্রিয়তাকে আরও বাড়াবে বলেই আমরা আত্মবিশ্বাসী।
ভারত থেকে এর আগে চার জন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। ভারত থেকে প্রথম এই পদে বসেন জগমোহন ডালমিয়া, এরপর শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন। পঞ্চম চেয়ারম্যান হলেন জয় শাহ।
ভারত থেকে এরআগে জগমোহন ডালমিয়া ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত আইসিসির সর্বোচ্চ ছিলেন। শরদ পাওয়ার ক্ষমতায় ছিলেন ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত। ২০১৫ সালে এন শ্রীনিবাসন ১ বছরের জন্য চেয়ারম্যান হয়েছিলেন। শশাঙ্ক মনোহর ২০১৫ সালের ২২ নভেম্বর থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ক্ষমতায় ছিলেন।












Click it and Unblock the Notifications