Jasprit Bumrah: বুমরাহর চোট ওয়ার্কলোডের কারণেই, ইংল্যান্ড ম্যাচেই হবে ফিটনেস টেস্ট?
Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের আন্তর্জাতিক খেলতে পারবেন না। তবে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে তাঁর ফিটনেস পরীক্ষা হবে। এমনই দাবি ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রদবদলের সময়সীমা ১৩ ফেব্রুয়ারি। তার ঠিক আগের দিন ভারত-ইংল্যান্ড তৃতীয় তথা শেষ ওডিআই। হর্ষিত রানার ওডিআই অভিষেক হতে পারে ইংল্যান্ড সিরিজে।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য বুমরাহর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার বিষয়ে আশাবাদী। আগরকর এদিন দল ঘোষণার সময়েই জানান, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে বুমরাহ ফেব্রুয়ারির ৬ ও ৯ তারিখের ম্যাচ দুটিতে খেলতে পারবেন না। সিডনি টেস্টে ব্যাক স্প্যাজমের সমস্যার কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি বুমরাহ।
বুমরাহর ফিটনেস সংক্রান্ত বিষয়টি আগামী কয়েক দিনে স্পষ্ট হয়ে যাবে বলে জানান আগরকর। আগরকর বিসিসিআইকে অনুরোধ করেছেন, মেডিক্যাল রিপোর্ট-সহ বুমরাহর ফিটনেস সংক্রান্ত বিষয়ে মিডিয়া রিলিজ প্রকাশ করতে।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রথম পর্যায়ের পরীক্ষায় যে বিষয়টি সামনে এসেছে তা হলো বুমরাহকে ভোগাচ্ছে স্ট্রেস সংক্রান্ত বিষয়। পিঠে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েনি প্রথম রাউন্ডের পরীক্ষায়। অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের ওয়ার্কলোডেই সমস্যা বলে মনে করা হচ্ছে। ৯ ইনিংসে তিনি ১৫১.২ ওভার বল করেছেন। ৩২ উইকেট নিয়েছেন, ১৩.০৬ গড় রেখে।
চিকিৎসকদের পরামর্শেই বুমরাহকে অন্তত ৫ সপ্তাহ বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এরপর স্ক্যান করানো হবে। সম্ভবত সেটি হবে ২ ফেব্রুয়ারি। এর উপরই নির্ভর করবে বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা। বুমরাহর পরিবর্তর নাম এখনই ঘোষণা করছেন না নির্বাচকরা।
আগরকরের কথায়, আমি যতদূর জানি তাঁকে পাঁচ সপ্তাহ বল না করতে বলা হয়েছে। এই সময়কাল শেষ হবে ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহে। সেই সময় তাঁর মেডিক্যাল কন্ডিশন আরও ভালো বোঝা যাবে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের বিশেষজ্ঞরা এই বিষয়ে আলোকপাত করবেন বলে আশাবাদী আগরকর। যদি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি একান্তই না খেলতে পারেন, তবেই পরিবর্তর নাম চূড়ান্ত করা হবে।












Click it and Unblock the Notifications