IND vs ENG: রাঁচিতে ভারতীয় দলে রদবদল! বিশ্রামে তারকা পেসার, কেএল রাহুল কি ফিরছেন?
বাজবলের দাপটকে ফিকে করে দিয়ে বিশাখাপত্তনমের পর রাজকোটেও রাজকীয় জয় পেয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত আপাতত ২-১ ফলে এগিয়ে আছে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টে। এই ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে বদলের সম্ভাবনা রয়েছে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে। টানা ম্যাচ খেলায় তাঁকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নিয়েছে টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার রাজকোট থেকে রাঁচি আসবে ভারতীয় দল। তার আগে সোমবারই রাজকোট থেকে আহমেদাবাদে নিজের বাড়িতে ফিরে যেতে পারেন বুমরাহ। রাজকোট থেকে আহমেদাবাদ গাড়িতে চার ঘণ্টা সময় লাগে যেতে।

এদিকে, ফিটনেস সমস্যা কাটিয়ে রাঁচি টেস্টে দলে প্রত্যাবর্তন করতে চলেছেন কেএল রাহুল। চোটের জন্য দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি রাহুল। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা তৃতীয় টেস্ট ম্যাচ জয়ের পরই আভাস দিয়েছেন তৃতীয় ম্যাচে খেলার সম্ভাবনা আছে রাহুলের। কর্ণাটকী তারকা ফিরলে দলের ব্যাটিং গভীরতা আরও বাড়বে।
সূত্রের খবর, তৃতীয় টেস্টের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি রাহুল। বিসিসিআই-এর মেডিকেল টিম নির্বাচকদের বলেছিল যে রাহুলকে অন্তত এক সপ্তাহ পর্যবেক্ষণে থাকতে হবে। রাহুল এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন।
চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। কেএল রাহুল, যিনি কোয়াড স্ট্রেনের জন্য ছিটকে গিয়েছিলেন। জাদেজা প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন।তবে ঘরের মাঠে রাজকোটে দলে ফিরেছেন জাড্ডু। ম্যাচের সেরাও হয়েছেন।
দ্বিতীয় টেস্টের আগেই নিজের ফিটনেসের আপডেট দিয়ে একটি ভিডিও শেয়ার করেন রাহুল। কিন্তু তারপরেও রাজকোটে খেলতে পারেননি। কিন্তু পুরো ফিট না হয়েও এভাবে ভিডিও শেয়ার করায় রাহুলকে নিয়ে ভুল বার্তা পৌঁছায়। এতেই রাহুলের উপর চটে যান বোর্ড কর্তারা।
বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, "লোকেশ রাহুল পুরো ফিট না হলে ওকে কেন বাকি তিন টেস্টের দলে রাখা হয়েছিল? সেটা নিয়ে প্রশ্ন তোলা উচিত। একইসঙ্গে লোকেশ রাহুলকেও জিজ্ঞেস করা উচিত, পুরো ফিট না হলেও কেন ও ইনস্টাগ্রাম স্টোরিতে জাতীয় দলে ফিরে আসার বার্তা দিয়েছিল? এমন ভুল বার্তা দেওয়ার মানে কী?"












Click it and Unblock the Notifications