জসপ্রীত বুমরাহ নেই আইপিএলে! পিঠে অস্ত্রোপচার ছিটকে দেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও
জসপ্রীত বুমরাহকে আইপিএলে পাবে না মুম্বই ইন্ডিয়ান্স। পিঠের অস্ত্রোপচার হবে। ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তাঁর মাঠে ফেরা হবে না।
আইপিএলের আগে বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। ভারতীয় দলের পক্ষেও মোটেই ভালো খবর নয়। আইপিএলে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও তিনি ছিটকে যাচ্ছেন। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে এমনই দাবি করছে একটি জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট। বিশ্বকাপেও তাঁর খেলা আদৌ সম্ভব কিনা সেটাও ভাবাচ্ছে সকলকে।

বুমরাহর অস্ত্রোপচার হবে
পিঠের চোটের কারণে গত বছর টি ২০ বিশ্বকাপ খেলতে পারেননি বুমরাহ। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বুমরাহর চোটের দিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নজর রাখছে। জানা গিয়েছে, চিকিৎসকরা বুমরাহকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। গত অগাস্টে স্ট্রেস রিয়্যাকশন ভোগাতে শুরু করে বুমরাহকে। লোয়ার ব্যাকে তার থেকেই চোট ও অস্বস্তি বাড়ে বুমরাহর।

বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা
অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ রয়েছে। সে কথা মাথায় রেখে এনসিএ-র সঙ্গে কথাবার্তা চালিয়ে বিসিসিআই বুমরাহর অস্ত্রোপচারের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে। গত অগাস্টে পিঠের চোটের কারণে বুমরাহ প্রথমে ছিটকে গিয়েছিলেন এশিয়া কাপ থেকে। যদিও এই চোট ততটা গুরুতর নয় বলে মনে করে বুমরাহকে টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়। ২৩ ও ২৫ সেপ্টেম্বর তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলেন। টি ২০ বিশ্বকাপের আগে কেমন ছন্দে রয়েছেন সেটা যাচাই করতেই বুমরাহকে নামানো হয়েছিল। যদিও তাতে হিতে বিপরীত হয়।

চোটে জেরবার
ওই সিরিজে খেলতে গিয়ে ফের চোট লাগে বুমরাহর। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে খেলতে পারেননি। পরে জানা যায় বুমরাহর চোট পরীক্ষা করতে স্ক্যান হয়েছিল। তাতে দেখা গিয়েছে স্ট্রেস সংক্রান্ত চোট রয়েছে। এনসিএতে ফের স্ক্যান হয়। তাতে চোট যে গুরুতর সে সম্পর্কে সকলেই নিশ্চিত হন। ফলে টি ২০ বিশ্বকাপ খেলতে পারেননি। নভেম্বর থেকে রিহ্যাব শুরু হয়। ডিসেম্বরের মাঝামাঝি বোলিং করতেও শুরু করেন। যা দেখে দল ঘোষণার পরও শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজে বুমরাহর নাম ঢোকান নির্বাচকরা।

পুরো ফিট হয়েই মাঠে চাইছে টিম ম্যানেজমেন্ট
দলে নাম থাকলেও দেখার ছিল তিনি ম্যাচ ফিট কিনা। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং করেন এনসিএতে। তাতে সমস্যা হয়নি। কিন্তু বোলিংয়ের পরিমাণ বাড়াতেই ফের অস্বস্তি বোধ করেন ভারতের ১ নম্বর পেসার। মুম্বইয়ে ফিটনেস ড্রিলে তাঁর ওয়ার্কলোড বাড়ানো হতেই নতুন করে সমস্যা তৈরি হয়। স্ক্যানে ধরা পড়ে নতুন করে চোট বা নিগল (Niggle)। যে কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজেও তিনি খেলতে পারছেন না। পুরোপুরিভাবে ফিট হলে তবেই তাঁকে মাঠে ফেরাতে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট। ভারত অধিনায়ক রোহিত শর্মা নিজেও বুমরাহকে নিয়ে কোনও তাড়াহুড়ো চাইছেন না। আপাতত বুমরাহর পরিবর্ত খুঁজতে হবে মুম্বই ইন্ডিয়ান্সকেও।












Click it and Unblock the Notifications