আইসিসি টেস্ট ক্রমতালিকায় উত্থান রাহুল-বুমরাহর, নেমে গেলেন বিরাট কোহলি
সেঞ্চুরিয়ন টেস্টে জিতে দক্ষিণ আফ্রিকায় সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকা ২৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে আজ তৃতীয় দিনে চা বিরতিতে ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৪ রান তুলেছে। ওয়ান্ডারার্সে কোনওদিন ভারত টেস্টে হারেনি দক্ষিণ আফ্রিকার কাছে। সবচেয়ে বেশি ২২০ রান তুলে এখানে টেস্ট জেতার নজির রয়েছে প্রোটিয়াদের। ভারত আবার জোহানেসবার্গে জিতলে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় এই টেস্ট সিরিজ জিতবে। এই আবহে নতুন বছরের প্রথম আইসিসি টেস্ট র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে আজ।

ব্যাটারদের তালিকায় ভারতীয়দের মধ্যে সবচেয়ে বড় লাফটি দিয়েছেন জোহানেসবার্গে ভারতকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল। সেঞ্চুরিয়ন টেস্টের শতরানের দৌলতে তিনি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উঠে চলে এসেছেন ৩১ নম্বরে। রোহিত শর্মা পঞ্চম স্থানটি ধরে রেখেছেন। তবে দুই ধাপ নেমে ৯ নম্বরে চলে গিয়েছেন বিরাট কোহলি। অন্যান্য ভারতীয়দের মধ্যে সেঞ্চুরিয়নে হাফ সেঞ্চুরি করায় ময়াঙ্ক আগরওয়াল এক ধাপ উঠে রয়েছেন ১১ নম্বরে। তবে ঋষভ পন্থ ২ ধাপ নেমে চলে গিয়েছেন ১৬ নম্বরে। ৫ ধাপ নেমে ২২ নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা। এইডেন মার্করাম, বেন স্টোকসরা নেমে যাওয়ায় অজিঙ্ক রাহানে ২ ধাপ উঠে চলে এসেছেন ২৫ নম্বরে।

পরবর্তী র্যাঙ্কিংয়ে অবশ্য বিরাট কোহলির প্রথম দশের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকছে, তেমনই উঠে আসবেন পূজারা-রাহানে। ভারতের বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। জসপ্রীত বুমরাহ প্রথম টেস্টে ৫ উইকেট নেওয়ায় প্রথম দশে ঢুকে পড়ে রয়েছেন ৯ নম্বরে। প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেওয়ায় মহম্মদ শামি বোলারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ উঠে রয়েছেন ১৭ নম্বরে। অলরাউন্ডারদের ক্রমতালিকায় অশ্বিন ও রবীন্দ্র জাদেজা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখেছেন।

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা প্রথম টেস্টে সাত উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। লুঙ্গি এনগিডি প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৬ উইকেট-সহ ম্যাচে ১০২ রানের বিনিময়ে ৮ উইকেট পেয়েছিলেন, তিনি র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ উঠে ৩০ নম্বরে চলে এসেছেন। অভিষেক টেস্টে ৫টি উইকেট নিয়ে তালিকায় প্রথম ঢুকে ৯৭ নম্বরে রয়েছেন মার্কো জানসেন। ব্যাটারদের তালিকায় ১৬ ধাপ উঠে ৩৯ নম্বরে রয়েছেন তেম্বা বাভুমা। ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন মার্নাস লাবুশানে। বোলারদের তালিকায় প্যাট কামিন্স শীর্ষস্থান ধরে রেখেছেন। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে জেসন হোল্ডার।












Click it and Unblock the Notifications