Jasprit Bumrah: দলের ব্যর্থতার মধ্যেই উজ্জ্বল পারফরম্যান্স, বছরের শুরুতেই আইসিসির তালিকায় নজির বুমরাহের
বর্তমান সময়ে জসপ্রীত বুমরাহ শুধু ভারতীয় বোলিং আক্রমণের কাণ্ডারীই নন, একইসঙ্গে বিশ্বের ১ নম্বর বোলার। আইসিসির ক্রম তালিকায় ১ নম্বর স্থান ধরে রেখেছেন বুমরাহ।
প্রথম ভারতীয় পেসার হিসেবে ৯০০ রেটিং আগেই পেয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই কীর্তির অধিকারী হন। বর্ডার-গাভাসকর ট্রফিতে দলের হারের পরও নিজের অগ্রগতি ধরে রাখলেন ভারতীয় তারকা পেসার। এবার কিংবদন্তিদের রেকর্ড স্পর্শ করার দিকে এগিয়ে চলেছেন বুমরাহ।

বুধবার আইসিসির পক্ষ থেকে যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে শীর্ষস্থান ধরে রেখেছেন বুমরাহ। তবে কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছেছেন তিনি। বর্তমানে বুমরাহের রেটিং ৯০৮। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পেয়েছেন বুমরাহ। আরও একটা নতুন মাইলস্টোন সৃষ্টি করলেন ভারতীয় তারকা পেসার।
এর আগে ভারতীয় বোলার হিসেবে ৯০৪ রেটিং পেয়েছিলেন আর অশ্বিন। যিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। ২০১৬ সালে তিনি আইসিসির ক্রম তালিকায় ৯০৪ রেটিং অর্জন করে ইতিহাস সৃষ্টি করেন। অশ্বিনই এতদিন ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং প্রাপ্ত ছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন বুমরাহ।
পর্যন্ত আইসিসি রেটিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়া বোলারদের মধ্যে আছেন সিডনি বার্নস (৯৩২), জর্জ লোম্যান (৯৩১), ইমরান খান (৯২২) , মুথাইয়া মুরলিধরন (৯২০)। যে ফর্মে বুমরাহ আছে সেটা ২০২৫ সালে ধরে রাখতে পারলেই কিংবদন্তিদের তালিকায় নিজের নামও যুক্ত করে নেবেন বুমরাহ।
এর আগে অশ্বিনই একজন ভারতীয়ব বোলার ছিলেন যিনি টেস্টে আইসিসির ৯০০ রেটিং পেয়েছিলেন। ব্যাটারদের মধ্যে বিরাট কোহলি সর্বোচ্চ ৯৩৭ রেটিং পেয়েছিলেন। এটাই কোনও ভারতীয়ের আইসিসির থেকে প্রাপ্ত সর্বোচ্চ রেটিং।
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে পিঠের ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়তে দেখা যায় জসপ্রীত বুমরাহকে। চোট কি খুব গুরুতর? বিসিসিআই সরকারিভাবে বুমরাহের বিষয়ে আপডেট দেয়নি। তবে চিন্তার কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে। দেশে ফেরার পর বুমরাহকে সম্ভবত এনসিএ-তে রিপোর্ট করতে হবে। বর্ডার-গাভাসকর ট্রফিতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে বুমরাহকে। পারথে ৩২, অ্যাডিলেড ২৪, ব্রিসবেনে ৩৪, মেলবোর্নে ৫৩.২, সিডনিতে ১০ ওভার বল করেছেন বুমরাহ। সব মিলিয়ে চলতি সিরিজে বল করেছেন ১৫৩ ওভার।
সম্প্রতি সমাপ্ত সিরিজে ভারতীয় পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটি বড় সমস্যা ছিল, সদ্য সমাপ্ত সিরিজে জসপ্রীত বুমরাহ এবং আকাশ দীপ চোটের কবলে পড়েছেন। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুমরাহকে ভারতে ফিরে অবিলম্বে এনসিএতে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে বুমরাহই একমাত্র নন যিনি সেখানে যাবেন। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের পর, বুমরাহ এবং আকাশ দীপ চোটের কবলে পড়েছেন। দুই জনকেই সেখানে যেতে হবে।












Click it and Unblock the Notifications