Jasprit Bumrah: আইসিসির বিচারে টেস্টে বর্ষসেরা বুমরাহ, আগে ৫ ভারতীয় পেয়েছেন এই পুরস্কার
Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহ চোটের কারণে আপাতত মাঠের বাইরে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা ক্ষীণ।
তারই মধ্যে খুশির খবর। ষষ্ঠ ভারতীয় হিসেবে আইসিসির বিচারে টেস্টে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন জসপ্রীত বুমরাহ।

দেশের মাটিতে হোক, কিংবা বিদেশে গত বছর টেস্টে অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন বুমরাহ। পারথ টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন। অস্ট্রেলিয়ায় ভারত সিরিজ হারলেও বুমরাহর দাপটে দিশেহারা অবস্থা হয়েছিল অজি ব্যাটারদের।
শেষ টেস্ট চলাকালীনই চোট পান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে বল করতেই পারেননি। তা না হলে পরিস্থিতি অন্যরকম হতেই পারতো। দেশের মাটিতে গত বছর টেস্টে ভারত হারিয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশকে। তবে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সফরেও বুমরাহ দক্ষতার বিচ্ছুরণ ঘটিয়েছেন।
বুমরাহ গত বছর টেস্টে ৩৫৭ ওভার বল করেছেন। ১৩টি টেস্টে পেয়েছেন সর্বাধিক ৭১টি উইকেট। গত বছর টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন। ১১ টেস্টে ৫২ উইকেট।
গত বছর টেস্টে বুমরাহর বোলিং গড় ছিল ১৪.৯২, ইকনমি ২.৯৬। স্ট্রাইক রেট ৩০.১। এতেই স্পষ্ট প্রতিপক্ষ ব্যাটারদের উপর বুমরাহ কতটা আধিপত্য বিস্তার করেছেন। ক্যালেন্ডার ইয়ারে ৭০টির বেশি টেস্ট উইকেট দখলের নিরিখে রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, কপিল দেবের কীর্তি স্পর্শ করেছেন বুমরাহ। যদিও টেস্টে ক্যালেন্ডার ইয়ারে ৭০-এর বেশি উইকেটশিকারীদের কারও গড় বুমরাহর চেয়ে ভালো নয়।
কেপ টাউন টেস্টে বুমরাহ ২ ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে বুমরাহ তুলে নেন ১৯ উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে বুমরাহর ঝুলিয়ে যায় ১১টি শিকার।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু ও পুণে টেস্টে বুমরাহ তিন উইকেট পান। পুণেতে কোনও উইকেট পাননি। অস্ট্রেলিয়ায় ২০২৪ সালে হওয়া চারটি টেস্টে বুমরাহ ৩০টি উইকেট দখলে নেন। ওই সিরিজে সর্বাধিক উইকেটশিকারী হয়ে সিরিজ সেরাও হন।
ভারতীয়দের মধ্যে টেস্টে আইসিসির প্রথম বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পান রাহুল দ্রাবিড়। ২০০৪ সালে ৫ টেস্টে ৮০৩ রান করায়, গড় ছিল ১০০.৩৭। ১০ ইনিংসে ২টি শতরান ও তিনটি হাফ সেঞ্চুরি ছিল। সর্বাধিক অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩৩।
২০০৯ সালে টেস্টে বর্ষসেরার পুরস্কার পান গৌতম গম্ভীর। সেবার তিনি টেস্টে বিশ্বের ১ নম্বর ব্যাটারও হন। চারটি শতরান ও একটি অর্ধশতরানের সৌজন্যে তিনি ৯০.৮৭ গড় রেখে করেছিলেন ৭২৭ রান।
২০১০ সালে টেস্টে বর্ষসেরা হন বীরেন্দ্র শেহওয়াগ। পাঁচটি শতরান ও ৮টি হাফ সেঞ্চুরির পাশাপাশি শেহওয়াগ সেবার বল হাতে ৯ উইকেট নিয়েছিলেন টেস্টে। ১৪ ম্যাচে তিনি করেন ১৪২২ রান।
২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন টেস্টে আইসিসির বিচারে বর্ষসেরা হন। সেবার তিনি ১২ ম্যাচে ৭২টি উইকেট নেন। ব্যাট হাতে করেন ৬১২ রান। ২০১৮ সালে বিরাট কোহলি আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হন। ১৩টি টেস্টে ১৩২২ রান করেছিলেন ৫৫.০৮ গড় রেখে। পাঁচটি করে শতরান ও অর্ধশতরান পান। ফলে ৬ বছর পর ভারতের কেউ টেস্টে বর্ষসেরা ক্রিকেটার হলেন।












Click it and Unblock the Notifications