ওভালে কপিলকে টপকালেন বুমরাহ, জাদেজা-শার্দুলের সঙ্গতে ভারত ৫০ বছর পর বিরাট জয়ের কাছাকাছি
ওভাল টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশনে জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজার যুগলবন্দিতে ভারত স্মরণীয় টেস্ট জয়ের মাধ্যমে ফের সিরিজে এগিয়ে যাওয়ার দোরগোড়ায়। ১৯৭১ সালে ওভালেই টেস্ট তথা ঐতিহাসিক সিরিজ জিতেছিল ভারত। এরপর গত ৫০ বছরে এই ওভালে ভারত আর টেস্ট জয়ের স্বাদ পায়নি। পাঁচটি টেস্ট ড্র হয়, শেষ তিনটি টেস্টে ভারত হারে। তার মধ্যে দুটিতে ইনিংসে পরাজয়। কিন্তু এবার ৫০ বছর পর ভারত যেমন ওভালে টেস্ট জয়ের কাছে পৌঁছে গিয়েছে, তেমনই তা নিশ্চিত করার অন্যতম কারিগর হিসেবে কপিল দেবের রেকর্ড ভাঙলেন জসপ্রীত বুমরাহ। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত ২৫.১ ওভারে ৬২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ভারতের জিততে দরকার ২ উইকেট। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর আট উইকেটে ১৯৩। ক্রিস ওকসকে ১৮ রানে আউট করেছেন উমেশ যাদব। বুমরাহ, জাদেজা ও শার্দুল দুটি করে উইকেট পেয়েছেন।

কপিলের কীর্তি ভেঙে
কপিল দেবের রেকর্ড ভেঙে প্রথম ভারতীয় পেসার হিসেবে দ্রুততম ১০০ টেস্ট উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন জসপ্রীত বুমরাহ। অলি পোপকে বোল্ড করে পেলেন টেস্ট কেরিয়ারের শততম উইকেট। এরপর বুমরাহর বিষাক্ত ইয়র্কারে ক্লিন বোল্ড হন জনি বেয়ারস্টো। বুমরাহ কেরিয়ারের ২৪তম টেস্টে ১০০তম টেস্ট উইকেটটি পেলেন। কপিল দেবের লেগেছিল ২৫টি টেস্ট। দ্রুততম শততম টেস্ট উইকেটের রেকর্ডটি অবশ্য রয়েছে ইংল্যান্ডের জর্জ লোম্যানের। তিনি ১৮৮৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে নিজের ১৬টি টেস্টে স্পর্শ করেন একশোটি টেস্ট উইকেটের মাইলস্টোন।

ভারতীয়দের মধ্যে দ্রুততম
ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০টি টেস্ট উইকেটটি দখল করার নজির রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ২০১৩ সালে মুম্বই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি শততম টেস্ট উইকেট পান নিজের ১৮তম টেস্টে। ১৯৬৯ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের ২০তম টেস্টে ১০০টি উইকেট দখল করেন এরাপল্লী প্রসন্ন। অনিল কুম্বলের লেগেছিল ২১টি টেস্ট, ১৯৯৫ সালে কুম্বলে বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই নজির স্পর্শ করেছিলেন। ১৯৫৮ সালে ভারতের সুভাষ গুপ্তে নিজের ২২তম টেস্টে মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শততম টেস্ট উইকেট দখল করেছিলেন। ২২টি টেস্টেই ১০০ টেস্ট উইকেট দখলের কীর্তি রয়েছে প্রজ্ঞান ওঝা। তিনি দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজির গড়েন ২০১৩ সালে। ভিনু মানকড় পাকিস্তানের বিরুদ্ধে মুম্বই (তৎকালীন বম্বেতে) টেস্ট কেরিয়ারের শততম উইকেট দখল করেন নিজের ২৩তম টেস্টে। ২০১৬ সালে রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের ২৪তম টেস্টে শততম টেস্ট উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন। কপিলের মতো হরভজনের টেস্টে ১০০ উইকেটের ক্লাবে পৌঁছাতে লেগেছিল ২৫টি টেস্ট

পেসারদের মধ্যে
কপিল দেবকে টপকে দ্রুততম ভারতীয় পেসার হিসেবে ১০০টি উইকেট পেলেন বুমরাহ। মহম্মদ শামি এই নজির স্পর্শ করেছিলেন ২৯তম টেস্টে। ইরফান পাঠান ২৯টি, জাভাগল শ্রীনাথ ৩০টি টেস্ট খেলে একশোটি টেস্ট উইকেট দখলের মাইলস্টোন স্পর্শ করেন। ইশান্ত শর্মার লেগেছিল ৩৩টি টেস্ট।

৫০ বছর পর জয়ের কাছাকাছি
আজ ওভালে মধ্যাহ্নভোজের বিরতির পর খেলা শুরুর তৃতীয় ওভারে রবীন্দ্র জাদেজা ফেরান হাসিব হামিদকে। ১৯৩ বল খেলে জাদেজার ঘূর্ণিতে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৬৩। হাসিবের উইকেট থেকে ধরলে ৩৬ বলের মধ্যে ৭ রানের ব্যবধানে ইংল্যান্ড চারটি উইকেট হারায়। ৬১.৩ ওভারে হাসিব হামিদ আউট হওয়ার পর ৬৪.৫ ওভারে পোপকে ২ রানে বোল্ড করে নিজের শততম টেস্ট উইকেটটি দখল করেন বুমরাহ। ইংল্যান্ডের চতুর্থ ও পঞ্চম উইকেটটি পড়ে ১৪৬ রানেই। ৬৬.৩ ওভারে বুমরাহর ইয়র্কার সামলানোর ক্ষমতাই ছিল না জনি বেয়ারস্টোর। চার বল খেলে শূন্য রানে ফেরেন ইংল্যান্ডের উইকেটকিপার। মঈন আলিও চার বলে শূন্য রানে আউট হন। রবীন্দ্র জাদেজার বলে মঈনের ক্যাচ ধরেন পরিবর্ত হিসেবে নামা সূর্যকুমার যাদব। ১০০ রানে প্রথম উইকেট পড়ার পর ১৪৭ রানে ছয় উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে ইংল্যান্ড। টেস্ট বাঁচাতে মরিয়া লড়াই চালাতে থাকেন জো রুট ও ক্রিস ওকস। চা বিরতির মিনিট কুড়ি আগে জো রুটকে ৩৬ রানে বোল্ড করে দেন শার্দুল ঠাকুর।
That's a BIG BIG Wicket!
— BCCI (@BCCI) September 6, 2021
It's that man again! @imShard picks up the wicket of Joe Root.
England 7 down.
Live - https://t.co/OOZebPnBZU #ENGvIND pic.twitter.com/i8pMKsRfpC












Click it and Unblock the Notifications