Jasprit Bumrah: আইসিসির বিচারে ডিসেম্বরের সেরা ক্রিকেটার বুমরাহ, কেরিয়ারে দ্বিতীয়বার পেলেন এই পুরস্কার
Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়া সফরে দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন। সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক উইকেটশিকারী হয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন।
এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসনকে পিছনে ফেলে দিয়ে জিতে নিলেন আইসিসির ডিসেম্বর মাসে সেরা ক্রিকেটারের পুরস্কার।

এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার এই পুরস্কার ঝুলিতে পুরলেন বুমরাহ। মহিলাদের মধ্যে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে ব্যাটে-বলে দারুণ অবদান রেখে সিরিজের সেরার শিরোপা আদায় করেছেন। তার জেরে মিলল আইসিসির স্বীকৃতি।
এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে আইসিসি ক্রিকেট ডট কম (icc-cricket.com) সাইটে গিয়ে ভোটদান করে থাকেন বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। সেই সঙ্গে আইসিসির হল অব ফেম-এ থাকা প্রাক্তন ক্রিকেটার ও অন্যান্য প্রাক্তনদের পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে গঠিত প্যানেলও ভোট দিয়ে থাকে।
বুমরাহর সঙ্গে যেমন লড়াইয়ে ছিলেন কামিন্স ও প্যাটারসন, তেমনই সাদারল্যান্ডের সঙ্গে ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ছিলেন স্মৃতি মান্ধানা ও ননকুলুলেকো ম্লাবা। বুমরাহ ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ায় তিনটি টেস্ট খেলেছেন। ২২টি উইকেট দখল করেছেন ১৪.২২ গড় রেখে।
৬ ডিসেম্বর শুরু হয়েছিল অ্যাডিলেড টেস্ট। সেই টেস্টে বুমরাহ প্রথম ইনিংসে ৬১ রানে ৪ উইকেট নেন। ১৪ ডিসেম্বর শুরু হওয়া ব্রিসবেনে তৃতীয় টেস্টে তিনি প্রথম ইনিংসে ৭৬ রান দিয়ে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে ১৮ রান খরচ করে তিন উইকেট নেন।
২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে ছিল বক্সিং ডে টেস্ট। সেই টেস্টে বুমরাহ ৯৯ রানে ৪ উইকেট নেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে ৫৭ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। এই পারফরম্যান্সের সুবাদে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্ট সুনিশ্চিত করেন বুমরাহ।
জসপ্রীত বুমরাহ ইতিমধ্যেই ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতার দৌড়ে রয়েছেন। সেই পুরস্কার দখলে নেওয়ার আগে নতুন বছরের প্রথম মাসেই গত মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি আদায় করে নিলেন।
আইসিসির তরফে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি পেয়ে রোমাঞ্চিত বুমরাহ। তিনি বলেন, বর্ডার-গাভাসকর ট্রফিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। সেখানে দেশের হয়ে পারফর্ম করা আমার কাছে বিরাট সম্মানের।
এদিকে, বুমরাহর ফিটনেস আপডেটের অপেক্ষায় রয়েছেন ভারতীয় নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় কিছুটা সময় আইসিসির কাছে চেয়ে নিয়েছে বিসিসিআই। তার বড় কারণ বুমরাহর ফিটনেস রিপোর্ট। এখনও স্পষ্ট নয়, বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা। সিডনি টেস্টের সময় থেকে ব্যাক স্প্যাজমের সমস্যায় ভুগছেন তিনি।












Click it and Unblock the Notifications