লর্ডসের পর লিডসেও জার্ভো! রোহিত আউট হতেই বিরাট চমকের ভিডিও ভাইরাল

লর্ডসের পর লিডসেও মাঠে ঢুকে পড়লেন সেই জার্ভো। লর্ডস টেস্টের চতুর্থ দিন ভারতীয় দল ফিল্ডিং করার সময় বোলিং করার বাসনা নিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন ড্যানিয়েল জার্ভিস। ভারতীয় দলের জার্সি পরে, যার পিছনে লেখা জার্সি নম্বর ৬৯ এবং নাম জার্ভো। এবার লিডসে তিনি ঢুকে পড়লেন ব্যাটসম্যান হিসেবে।

লর্ডসের পর লিডসে

জার্ভোর কাণ্ডকারখানা দেখে টুইট করেছেন খোদ রবিচন্দ্রন অশ্বিন। জার্ভোর পরিকল্পনা আর বুকের পাটা দেখে অবাক ভারতীয় স্পিনার। অশ্বিন অবশ্য, এমন কাজ করা থেকে জার্ভোকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন। লর্ডস থেকে জার্ভোকে নিরাপত্তারক্ষীরা বের করে দিয়েছিলেন। রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজরা অবশ্য মাঠে দাঁড়িয়ে বেশ উপভোগই করেছিলেন গোটা বিষয়টা। কিন্তু ক্রিকেটের মক্কায় নিরাপত্তার এত ঢিলেঢালা ব্যবস্থা নিয়ে সমালোচনা শুরু হতে জানা গিয়েছিল, লর্ডসে আর ঢুকতে দেওয়া হবে না জার্ভোকে। তাতে তাঁর যে বয়েই গেল মনোভাব, তারই প্রমাণ দিলেন জার্ভো। আবার প্রশ্ন উঠল ইংল্যান্ডের ক্রিকেট মাঠে নিরাপত্তার এমন বেহাল দশা দেখে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা চলছে। ভারত ও ইংল্যান্ড খেলছে। সেখানে ইচ্ছামতো ঢুকে পড়ছেন দর্শক!

ভিডিও ভাইরাল

ঘটনার সূত্রপাত, চা বিরতির পর রোহিত শর্মা আউট হতেই। সে সময় বিরাট কোহলি মাঠে প্রবেশ করেন। অথচ দেখা যায় মাঠে ঢুকে পড়েছেন আরেকজন ব্যাটসম্যান! ছুটে যান আম্পায়াররা। দেখা যায় সেই ৬৯ নম্বর ভারতীয় জার্সি পরিহিত দশাসই চেহারার জার্ভোই মাঠে প্রবেশ করেছেন। প্যাড, হেলমেট, গ্লাভস পরে ব্যাট হাতে। মুখে আবার ছিল সার্জিক্যাল মাস্ক! নিরাপত্তারক্ষীরা এসে কার্যত চ্যাংদোলা করে তাঁকে ফের মাঠের বাইরে নিয়ে যান। এদিনও মাঠ ছাড়তে নারাজ ছিলেন তিনি।

স্বমহিমায় জার্ভো

তবে জার্ভো যে এটা ইচ্ছা করেই করছেন সেটা স্পষ্ট হয়ে গিয়েছে ঘটনার পর তাঁর টুইটে। নিজের ইউটিউব চ্যানেলকে জনপ্রিয় করতেই তাঁর এই উদ্যোগ। তিনি লিখেছেন, হ্যাঁ আমি ড্যানিয়েল জার্ভিস ওরফে জার্ভো ওরফে জার্ভো ৬৯-ই লিডসে ভারত বনাম ইংল্যান্ড ক্রিকেট ম্যাচে ছিলাম। পুরো ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল সাবক্রাইব করুন। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের জার্সি হাতে নিজের ছবি কভার ফটো হিসেবে ব্যবহার করে নিজের পরিচয় হিসেবে জার্ভো লিখেছেন কমেডিয়ান, ফিল্ম মেকার ও প্র্যাঙ্ক স্টার!

জার্ভোর শাস্তি

জার্ভো দ্বিতীয়বার ইংল্যান্ডের স্টেডিয়ামের নিরাপত্তাবেষ্টনীকে কাঁচকলা দেখিয়ে মাঠে প্রবেশ করে অস্বস্তিতে ফেলেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে। ইয়র্কশায়ার কাউন্টির তরফে জানানো হয়েছে, জীবনে আর কোনওদিন জার্ভোকে হেডিংলিতে ঢুকতে দেওয়া হবে না। তাঁর আর্থিক জরিমানা করাও হতে পারে। এবার থেকে ফের যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আরও সজাগ থাকবেন স্টিউয়ার্ডরা। যদিও লর্ডস ও লিডসে জার্ভোর এই জোড়া কীর্তি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। নেটাগরিকরা নানা মজাদার পোস্ট করছেন জার্ভোকে নিয়ে। কেউ লিখেছেন, রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেটে প্রত্যাবর্তন ম্লান হয়ে গেল লিডসে জার্ভোর প্রত্যাবর্তনে! ইরফান পাঠান সঠিকভাবেই লিখেছেন, এমন ঘটনা ভারতে ঘটলে কী হতো ভাবুন!

(ছবি- ড্যানিয়েল জার্ভিসের টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+