সচিনের সর্বাধিক টেস্ট খেলার রেকর্ড ভাঙার দিকে এগিয়ে চলেছেন এই ক্রিকেটার, অক্ষত থাকবে না ওয়ার্নের কীর্তিও?
সচিন তেন্ডুলকর ২০০টি টেস্ট খেলেছেন, যা রেকর্ড। সেই রেকর্ড ভাঙার দিকে এগিয়ে চলেছেন ইংল্যান্ডের পেসার।
সামনের জুলাইয়ে ৪১ বছর পূর্ণ হবে। কিন্তু বয়স যে শুধুই সংখ্যা তা প্রমাণ করে চলেছেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ পেসার। বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন। ৪০ বছরে হয়েছেন বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার। প্রথমে যে গতিতে বল করতেন, লাইন-লেংথে অবিচল থেকে এখনও তেমনই বোলিং করেন। সেই ক্রিকেটারই এগিয়ে চলেছেন আরও কয়েকটি রেকর্ড গড়ার দিকে।

২০০৩ সালে জেমস অ্যান্ডারসনের টেস্ট অভিষেক হয়েছিল। ইতিমধ্যেই টেস্টে জোরে বোলার হিসেবে সর্বাধিক উইকেট দখলের রেকর্ডটি তিনি নিজের দখলে নিয়েছেন। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডকে ফলো অন করিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৭ রান দিয়ে তিন উইকেট দখল করেছেন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে এখনও অবধি উইকেট পাননি। এটি অ্যান্ডারসনের ১৭৯তম টেস্ট। একমাত্র সচিন তেন্ডুলকরই তাঁর চেয়ে বেশি টেস্ট খেলেছেন।
আর কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারলে সচিনের সর্বাধিক ২০০টি টেস্ট খেলার রেকর্ড ভাঙা অ্যান্ডারসনের পক্ষে অসম্ভব নয়। অন্তত এই বয়সেও যে ফিটনেস তিনি ধরে রেখেছেন। বর্তমান ক্রিকেটারদের মধ্যে স্টুয়ার্ট ব্রড ১৬১তম টেস্টটি খেলছেন ওয়েলিংটনে। জো রুট খেলছেন কেরিয়ারের ১২৯তম টেস্ট। বর্তমানে খেলা চালিয়ে যাচ্ছেন এমন আর কোনও ক্রিকেটার টেস্ট খেলার নিরিখে তাঁদের ধারেকাছে নেই। ইংল্যান্ড ২০২৪ সালের ডিসেম্বর অবধি অর্থাৎ আগামী ২২ মাসে ২২টি টেস্ট খেলবে। অ্য়ান্ডারসন এই সব কটি টেস্টে প্রথম একাদশে থাকলেই ভেঙে দেবেন সচিনের বিশ্বরেকর্ড।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৮০০টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। তিনি ১৩৩টি টেস্ট খেলে এই নজির গড়েছেন। টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, তিনি ১৪৫টি টেস্ট খেলে ৭০৮টি উইকেট দখল করেছেন। অ্যান্ডারসন এখনও অবধি ১৭৯টি টেস্টে ৬৮৫টি উইকেট পেয়েছেন। ২০১৮ সালে অ্যান্ডারসন ১২টি টেস্টে ৪৩ উইকেট নিয়েছিলেন। ২০১৯ সালে পাঁচটি টেস্টে ১২টি, ২০২০ সালে ৬টি টেস্টে ২৩টি, ২০২১ সালে ১২টি টেস্টে ৩৯টি, ২০২২ সালে ৯টি টেস্টে ৩৬টি এবং চলতি বছর ২টি টেস্টে এখনও অবধি ১০ উইকেট ঝুলিতে পুরেছেন অ্যান্ডারসন।নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় ইনিংসে এবং চলতি বছর অনুষ্ঠেয় অ্যাশেজ সিরিজে ভালো ফর্ম ধরে রাখতে অ্যান্ডারসন ছাপিয়ে যেতেই পারেন ওয়ার্নের কীর্তি। অনিল কুম্বলে ১৩২টি টেস্টে ৬১৯টি উইকেট ঝুলিতে পুরেছেন। তাঁর পরেই পঞ্চম স্থানে রয়েছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের এই পেসার ১৬১টি টেস্টে ৫৭৫টি উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications