ভারতের বিরুদ্ধে লর্ডস টেস্টে পেসার অ্যান্ডারসনের সঙ্গে ইংল্যান্ড অধিনায়ক রুটেরও মহাকীর্তি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন দুই মহাকীর্তির সাক্ষী থাকল লর্ডস। একটি ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের। অপরটি ইংল্যান্ড অধিনায়ক জো রুটের।

অ্যান্ডারসনের নজির

আজ ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৬৪ রানে। ৭টি মেডেন-সহ ২৯ ওভার হাত ঘুরিয়ে ৬২ রানের বিনিময়ে ৫ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ-র উইকেট পেয়েছেন টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যান্ডারসন। এই নিয়ে টেস্টে ৩১বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট দখল করলেন তিনি। আজ পাঁচ উইকেট নিতেই ৩৯ বছর ১৪ দিন বয়সের অ্যান্ডারসন গত ৭০ বছরে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট দখলের নজির গড়লেন। সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড অবশ্য দক্ষিণ আফ্রিকার জিওফ চাবের দখলে। ১৯৫১ সালে ম্যাঞ্চেস্টারে ৪০ বছর ৮৬ দিনের মাথায় তিনি এই ঈর্ষণীয় নজির গড়েছিলেন।

লর্ডসে দাপট

ইনিংসে পাঁচ উইকেট নিয়ে এই নিয়ে সপ্তমবার লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠল অ্যান্ডারসনের। লর্ডসে ভারতের বিরুদ্ধে বল হাতে তিনিই যে লর্ড তা আরও একবার প্রমাণ করলেন জিমি। ভারতের বিরুদ্ধে এই নিয়ে লর্ডসে পঞ্চম টেস্ট খেলছেন। ৯টি ইনিংসে বল করেছেন। পেয়েছেন ৩৩ উইকেট। গড় ১৫.৭২। চারবার পাঁচ উইকেট নিয়েছেন। ২০০৭ সালে তিনি আউট করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি ও জাহির খানকে। ৪২ রানে নিয়েছিলেন ৫ উইকেট। সেই টেস্টটি ড্র হয়েছিল। ২০১১ সালে ভারতের দ্বিতীয় ইনিংসে ৬৫ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। আউট করেছিলেন রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সচিন তেন্ডুলকর, সুরেশ রায়না ও হরভজন সিংকে। সেই টেস্টটি ইংল্যান্ড জেতে ১৯৬ রানে। ২০১৪ সালে শেষবার যে টেস্ট ভারত লর্ডসে জিতেছিল সেটিতে অ্যান্ডারসন ৪ উইকেট নেন ৬০ রানের বিনিময়ে। ভারতের প্রথম ইনিংসে তিনি আউট করেছিলেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শতরানকারী অজিঙ্ক রাহানে ও স্টুয়ার্ট বিনিকে। এরপর ২০১৮ সালে ভারতের প্রথম ইনিংসে ২০ রানে ৫ উইকেট নেন অ্যান্ডারসন। মুরলী বিজয়, লোকেশ রাহুল, অজিঙ্ক রাহানে, কুলদীপ যাদব ও ইশান্ত শর্মার উইকেট নেন। সেই টেস্টে অ্যান্ডারসন ৯ উইকেট নেন, ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ১৫৯ রানে।

রুটের কীর্তি

এরই মধ্যে ইংল্যান্ড অধিনায়ক জো রুট আরও একবার অধিনায়কোচিত ব্যাটিংয়ের ফাঁকে গড়ে ফেললেন নয়া নজির। ভারতের ৩৬৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ১১৮। ৪৮ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক জো রুট। এগোচ্ছেন ৫১তম টেস্ট অর্ধশতরানের দিকে। ২৮তম ওভারে ইশান্ত শর্মাকে বাউন্ডারিতে পাঠিয়ে তিনি গ্রাহাম গুচকে টপকে যান। গুচকে পেরিয়ে রুট এখন টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। কেরিয়ারের ১০৭তম টেস্ট খেলছেন রুট। রয়েছে ২১টি শতরান ও ৫০টি অর্ধশতরান। আর ৬৫ রান করলেই টেস্টে তাঁর ৯ হাজার রান পূর্ণ হবে। চলতি বছর ১০টি টেস্টে এখনই তাঁর রান ১১১২। চারটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। টেস্টে এখন রুটের সামনে শুধুই অ্যালাস্টেয়ার কুক, যাঁর ১২ হাজার ৪৭২ রান রয়েছে ১৬১টি টেস্টে।

সিরাজের ধাক্কা সামলালেন অধিনায়কোচিত ইনিংসে

রুটের সঙ্গে ক্রিজে রয়েছেন জনি বেয়ারস্টো। এদিন ম্যাচের ১৫তম ওভারে দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি উইকেট হারায় ইংল্যান্ড। মহম্মদ সিরাজের বলে প্রথমে ডম সিবলি ১১ রানে আউট হন। পাঁচ বছর পর টেস্ট খেলতে নেমে হাসিম হামিদ প্রথম বলেই বোল্ড হন। সেখান থেকে দলকে ১০৭ রান অবধি টেনে নিয়ে যান জো রুট ও ররি বার্নস। ব্যক্তিগত ৪৯ রানে ররি বার্নস ফেরেন মহম্মদ শামির বলে। বেয়ারস্টো ৬ রানে অপরাজিত আছেন। সিরাজ এখনও অবধি ৩৪ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+