James Anderson: লর্ডসেই বৃত্তপূরণ, আবেগতাড়িত বার্তায় অবসর ঘোষণা, একনজরে অ্যান্ডারসনের কেরিয়ার
শেন ওয়ার্ন, মুরলীধরন, অনিল কুম্বলেদের পর লাল বলের ক্রিকেটে কমেছে শিল্পী বোলারের সংখ্যা। তবু টেস্ট ক্রিকেটপ্রেমীরা জেমস অ্যান্ডারসনের হাতেই যেন খুঁজে পেতেন সেই বিলুপ্ত প্রায় শিল্পীসত্তা। অবশেষে অবসরের গ্রহে ঢুকে পড়তে চলেছেন সুইংয়ের সম্রাট অ্যান্ডারসর। ব্রিটিশ সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন যার বোলিং দেখা যেত সেই জিমি শনিবার সরকারিভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন।
আগামী জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড শিবির। সেটিই হতে চলেছে জিমির কেরিয়ারে শেষ টেস্ট। তাঁর অবসরের আভাস শনিবার সকাল থেকেই পাওয়া গিয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলিতে। অবশেষে বেলা গড়াতেই নিজেই সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে বিদায়ী বার্তাা দিয়ে দিলেন।

অ্যান্ডারসন লিখেছেন, 'একটা বিষয় ঘোষণা করতে চলেছে, লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট। আমি ছোটবেলা থেকেই যে খেলাটি পছন্দ করতাম, সেটাকেই কেরিয়ার করেছি। ২০ বছর ধরে আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরেছি। ইংল্যান্ডের জার্সিতে খেলাটা অবশ্যই মিস করব। কিন্তু আমি জানি সময় এবার থেমে যাওয়ার। অন্যদের সুযোগ দেওয়ার সময় এসেছে। আমি ক্রিকেট থেকে যা পেয়েছি, ঠিক তেমনই অন্যরাও স্বপ্নগুলো উপলব্ধি করুক। পূরণ করুক। কারণ এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই।"
২০০৩ সালে লর্ডসে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে টেস্ট অভিষেক হয়েছিল জিমির। প্রিয় লর্ডসেই যেন বৃত্তটা পূরণ ৪১ বছর বয়সী ইংল্যান্ডের পেসার। দীর্ঘ কেরিয়ারে একাধিক কেরর্ড গড়েছেন। মুথাইয়া মুরলিধরন ও শেন ওয়ার্নের পরে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট ক্লাবের সদস্য অ্যান্ডারসন।
অ্যান্ডারসন এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৮৭টি টেস্টে মাঠে নেমেছেন। তাঁর দখলে রয়েছে ৭০০টি উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩২ বার। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মোট ৩ বার। ৪২ রানে ৭ উইকেট টেস্ট ক্রিকেটে তাঁর সেরা পারফরম্যান্স। দুই ইনিংস মিলিয়ে এক ম্যাচে সেরা বোলিং পারফর্ম্যান্স ৭১ রানে ১১ উইকেট।
শুধু বোলার নয় ব্যাট হাতেও দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ব্যাট হাতে টেস্টে ১৩৫৩ রান সংগ্রহ করেছেন অ্যান্ডারসন। হাফ-সেঞ্চুরি করেছেন ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮১ রানের। ইংল্যান্ডের হয়ে ১৯৪টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ২৬৯টি উইকেট নিয়েছেন জিমি। ওডিআই ক্রিকেটে ৫ উইকেট নিয়েছেন ২ বার। সেরা বোলিং পারফর্ম্যান্স ২৩ রানে ৫ উইকেট। ১৯ টি২০ ম্যাচে ১৮ উইকেট রয়েছে জিমির নামের পাশে।
জিমির অবসরে একটা যুগের পরিসমাপ্তি হচ্ছে বিশ্ব ক্রিকেটে।












Click it and Unblock the Notifications