ZIM vs IND: ভারত শক্তি বাড়াল জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় T20I-র আগে, সিরিজে এগিয়ে যেতে কতগুলি পরিবর্তন?
ZIM vs IND T20Is: হারারেতে কাল জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় টি২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। প্রথম ম্যাচে রান তাড়া করতে গিয়ে হেরেছিলেন শুভমান গিলরা।
যদিও তার পরদিনই বিরাট জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে নামার আগে শক্তি বাড়াল ভারতীয় দল।

ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন টি২০ বিশ্বকাপজয়ী দলের তিন সদস্য- যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন। তাঁরা তিনজনই কালকের একাদশে থাকবেন। এই তিনজনের মধ্যে একমাত্র শিবম দুবেই টি২০ বিশ্বকাপে ভারতীয় একাদশে ছিলেন, বাকি দুজন সুযোগ পাননি।
এই তিন ক্রিকেটার টি২০ বিশ্বকাপজয়ী দলের সঙ্গে দেশে ফিরেছিলেন। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সেরে মুম্বইয়ে ভিকট্রি প্যারেডে হাজির ছিলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও তাঁরা ছিলেন স্বাভাবিকভাবেই। এরপর তাঁরা জিম্বাবোয়ে পৌঁছেছেন।
তিন ক্রিকেটার আসায় ভারতীয় একাদশে তিনটি পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। রবিবার টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল বি সাই সুদর্শনের, যদিও ব্যাট করতে নামতে পারেননি। তাঁর জায়গায় কালকের একাদশে আসবেন যশস্বী জয়সওয়াল। তবে অভিষেক শর্মা যে বিধ্বংসী শতরান হাঁকিয়েছেন তাতে তিনিই শুভমান গিলের সঙ্গে ওপেন করবেন বলে মনে করা হচ্ছে।
যশস্বী সেক্ষেত্রে তিনে নামলে, চারে চলে আসবেন ঋতুরাজ গায়কোয়াড়। রিয়ান পরাগের জায়গায় একাদশে আসার সম্ভাবনা শিবম দুবের। উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন কালকের ম্যাচে খেললে বসতে হবে ধ্রুব জুরেলকে। এ ছাড়া ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা নেই।
কালকের ম্যাচে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঋতুরাজ জানিয়েছেন, হারারে স্পোর্টস ক্লাবের উইকেট চ্যালেঞ্জিং। প্রথম দিকে বল সিম করছে ভালোই। সেটা সামলে নিতে পারলেই বড় রান তোলা সহজ হয়ে যাচ্ছে বল পুরানো হওয়ার সঙ্গে সঙ্গেই। বাউন্সেরও তারতম্য রয়েছে পিচে।
জিম্বাবোয়ে দলেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অধিনায়ক সিকান্দর রাজা রবিবারের ম্যাচের পরেই জানিয়েছিলেন, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে দলে আসবেন বাঁহাতি সিমার রিচার্ড নগরাভা।
ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার।
জিম্বাবোয়ের সম্ভাব্য একাদশ- ইনোসেন্ট কায়া, ওয়েসলি মাধেভেরে, ব্রায়ান বেনেট, ডিওন মায়ার্স, সিকান্দর রাজা (অধিনায়ক), জনাথন ক্যাম্পবেল, ক্লাইভ মাদান্ডে (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংউই বা রিচার্ড নগরাভা, ব্লেসিং মুজারাবানি, তেন্ডাই চাতারা।












Click it and Unblock the Notifications