ZIM vs IND T20Is: শুভমান ও যশস্বীর ওপেনিংয়ে ধুন্ধুমার ব্যাটিং, ১০ উইকেটে জিম্বাবোয়েকে উড়িয়ে সিরিজ ভারতের
ZIM vs IND T20Is: জিম্বাবোয়ের মাটিতে প্রত্যাশিতভাবেই টি২০ আন্তর্জাতিক সিরিজ জিতে নিল ভারত। তাও আবার এক ম্যাচ বাকি থাকতেই।
আজ হারারেতে চতুর্থ টি২০ আন্তর্জাতিক শুভমান গিলের দল জিতল ১০ উইকেটে। অর্ধশতরান করে অপরাজিত রইলেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল।

জয়ের জন্য ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন শুভমান ও যশস্বী। প্রথম ৬ ওভারে ওঠে ৬১ রান। ৯.৪ ওভারেই ১০০ রানে পৌঁছে যায় ভারত। যশস্বী বাউন্ডারি হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন ১৫.২ ওভারে। ফলে ১০ উইকেটে জয় ২৮ বল বাকি থাকতেই।
যশস্বী ২৯ ও গিল ৩৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন যশস্বী। শুভমানের ৩৯ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস সাজানো ৬টি চার ও ২টি ছয় দিয়ে। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই জয়ের স্বাদ পেলেন গিল।
টস জিতে ভারত জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠিয়েছিল। জিম্বাবোয়ে তোলে ৭ উইকেটে ১৫২। অধিনায়ক সিকান্দর রাজা ২৮ বলে ৪৬ রান করেন। তাডিওয়ানাশে মারুমানি ৩১ বলে ৩২ ও ওয়েসলি মাধেভেরে ২৪ বলে ২৫ রান করেন। খলিল আহমেদ ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন।
একটি করে উইকেট তুষার দেশপাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা ও শিবম দুবের। চলতি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১৩ রানে হারিয়ে দিয়েছিল জিম্বাবোয়ে। যদিও পরের তিনটি ম্যাচে ভারত টানা জিতল যথাক্রমে ১০০ রান, ২৩ রান ও ১০ উইকেটে। শুভমান চলতি সিরিজের দ্বিতীয় অর্ধশতরানটি পেলেন এদিন।












Click it and Unblock the Notifications