AUS vs IND: যশস্বী পারথে শতরান থেকে ১০ রান দূরে, ভারতের কোন ওপেনাররা অস্ট্রেলিয়ায় টেস্টে সেঞ্চুরি করেছেন?
AUS vs IND: যশস্বী শতরান পারথে কাল ১০ রান করলেই কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরানটি পেয়ে যাবেন। ইতিমধ্যেই তিনি তিনটি শতরান করেছেন টেস্টে, যার দুটি ডাবল সেঞ্চুরি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্ট খেলছেন যশস্বী। প্রথম ইনিংসে ৮ বলে শূন্য করেছিলেন। পারথের অপটাস স্টেডিয়ামে তিনি দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৯৩ বলে ৯০ রানে।

টেস্টে যশস্বীর সর্বাধিক স্কোর রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ২১৪। তার আগে বিশাখাপত্তনম টেস্টে ওই সিরিজেই করেছিলেন ২০৯। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিনি খেলেন ১৭১ রানের ইনিংস। গত ফেব্রুয়ারির পর ফের শতরানের কাছে পৌঁছে গিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি ১১টি শতরান সচিন তেন্ডুলকরের। ওপেনারদের মধ্যে সর্বাধিক শতরান সুনীল গাভাসকরের, ৯টি। অস্ট্রেলিয়ায় সচিনের ৬টি টেস্ট শতরান রয়েছে। সুনীল গাভাসকরের রয়েছে পাঁচটি শতরান।
১৯৭৭ সালে ব্রিসবেন টেস্টে গাভাসকর করেছিলেন ১৩০ রান। সেই সফরেই পারথের ওয়াকায় গাভাসকর খেলেন ১২৭ রানের ইনিংস। ওই সিরিজের তৃতীয় শতরানটি সানি করেন মেলবোর্নে। ১১৮ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ১৯৮৫ সালের সফরে গিয়ে অ্যাডিলেডে ১৬৬ রানে অপরাজিত ছিলেন। ১৯৮৬ সালে নিউ ইয়ার টেস্টে সিডনিতে করেন ১৭২।
ভারতীয় ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সানির এই রেকর্ড ভাঙা কার্যত দুঃসাধ্য। বীরেন্দ্র শেহওয়াগ অস্ট্রেলিয়ায় টেস্টে ওপেন করে ২টি শতরান পেয়েছেন। ২০০৩ সালে মেলবোর্ন টেস্টে করেন ১৯৫ এবং ২০০৮ সালে অ্যাডিলেডে বীরুর ব্যাট থেকে এসেছিল ১৫১ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ায় টেস্টে ২টি শতরান রয়েছে ভিনু মাঁকড়ের, ওপেনার হিসেবেই। ১৯৪৮ সালে মেলবোর্ন টেস্টে ভিনু ১১৬ রান করেছিলেন। এরপর ওই সিরিজেই তিনি মেলবোর্নে খেলেন ১১১ রানের ইনিংস।
অস্ট্রেলিয়ায় টেস্টে ওপেনার হিসেবে দ্বিশতরান রয়েছে রবি শাস্ত্রীর। তিনি ডাউন আন্ডার টেস্টে একবারই সেঞ্চুরি পেয়েছেন। সিডনিতে ১৯৯২ সালে শাস্ত্রী ৪৭৭ বল খেলে ২০৬ রান করেছিলেন। সেই টেস্টে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন শাস্ত্রী।
ভারতীয় ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ায় শতরান করেছেন মুরলী বিজয়। ২০১৪ সালে ব্রিসবেন টেস্টে তিনি ১৪৪ রান করেছিলেন। তার ঠিক আগের টেস্টে তিনি অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ১ রানের জন্য শতরান পাননি। আউট হন ৯৯ রানে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অবশ্য প্রত্যাশা করছেন, নার্ভাস নাইন্টিজের বাধা অতিক্রম করে শতরান আসুক যশস্বীর ব্যাট থেকে।












Click it and Unblock the Notifications