ইসি ওংয়ের হ্যাটট্রিক! ইউপিকে হারিয়ে মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লির সামনে মুম্বই
মহিলাদের প্রিমিয়ার লিগে ইতিহাসের পাতায় নাম লেখালেন ইসি ওং। আজ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে তিনি উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম হ্যাটট্রিকটি সেরে ফেললেন। যার জেরে এলিমিনেটরে ইউপি ওয়ারিয়রজকে ৭২ রানে চূর্ণ করল মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ফাইনাল খেলবেন হরমনপ্রীত কৌররা।

আজ টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠান ইউপি ওয়ারিয়রজের অধিনায়ক অ্যালিসা হিলি। স্ত্রী-র দলের খেলা দেখতে গ্যালারিতে ছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। ২০ ওভারে ৪ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্স তোলে ১৮২ রান। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন ন্যাট সিভার-ব্রান্ট। হেইলি ম্যাথিউজ ২৬, অ্যামেলিয়া কের ২৯, হরমনপ্রীত ১৪ ও যস্তিকা ভাটিয়া ২১ রান করেন। সোফি এক্লেস্টোন নেন ২টি উইকেট।
জবাবে খেলতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইউপি ওয়ারিয়রজ। ১৩তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে কিরণ নবগীরে, সিমরন শেখ ও সোফি এক্লেস্টোনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন চেলসির ২০ বছরের পেসার ইসি। সিমরন ও সোফিকে বোল্ড করে দেন তিনি। ১৭.৪ ওভারে ১১০ রানে অল আউট হয়ে যায় ইউপি। কিরণ ২৭ বলে সর্বাধিক ৪৩ রান করেন। গ্রেস হ্যারিস ১৪ ও দীপ্তি শর্মা ১৬ রান করেন।
ইসি ওং ৪ ওভারে ১৫ রান খরচ করে চারটি উইকেট নেন। সাইকা ইশাক দুটি এবং ন্যাট সিভার-ব্রান্ট, হেইলি ম্যাথিউজ ও জিন্টিমণি কলিতা একটি করে উইকেট দখল করেছেন। ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন ন্যাট সিভার-ব্রান্ট। ইউপি অধিনায়ক অ্যালিসা হিলির আক্ষেপ, ৬ রানের মাথায় ন্যাটের ক্যাচ না ফেললে ম্যাচের ফলাফল অন্যরকম হতো। দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত। লিগ পর্যায়ের শেষে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলের মধ্যেই হবে ফাইনাল।
হরমনপ্রীত বলেন, আমাদের দলের বোলিং শক্তি যথেষ্টই ভালো। যে কেউ উইকেট নিতে পারবেন বলে বিশ্বাস ছিল। ওং সব সময়ই বোলিং করতে মুখিয়ে থাকেন। আজ যেভাবে তিনি পারফর্ম করলেন তা দেখে সত্যিই ভালো লাগছে। ন্যাট সিভার-ব্রান্টও এমন প্লেয়ার যিনি দলকে জেতানোর পিছনে সব সময়ই অবদান রাখতে সম্ভব। আজ তাঁর পারফরম্যান্সেও আমি খুশি। দলে বেশ কয়েকজন ভালো ফিল্ডারও রয়েছেন। পজিটিভ এনার্জি রয়েছে তাঁদের মধ্যে। সতীর্থদের কথা শুনে নিজেদের দায়িত্ব পালন করেন। ফাইনাল দিল্লির বিরুদ্ধে। ওরা ভালো দল। তবে আমরা ম্যাচটিকে উপভোগ করে ভালো খেলতে চাই।












Click it and Unblock the Notifications