ISL Final: আইএসএল ফাইনালে চর্চায় গোয়েঙ্কা-রাহুল সম্পর্ক! কেএলের সমর্থন পাবে মোহনবাগান SG?
ISL Final: আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের কাপ দখলের লক্ষ্যে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। তাতেও রাহুল বনাম গোয়েঙ্কা!
আজ সঞ্জীব গোয়েঙ্কার দুই দলের দুটি ম্যাচ রয়েছে। লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। সন্ধ্যায় আইএসএল ফাইনালে নামবে সবুজ মেরুন।

তবে এদিনের ফাইনাল যে ক্রিকেট মহলেও আঁচ ফেলছে তা বলার অপেক্ষা রাখে না। কেন না বেঙ্গালুরু এফসির কর্ণধার পার্থ জিন্দাল, আইপিএলে যিনি দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধারও বটে।
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক থাকাকালীন লোকেশ রাহুলকে যুবভারতীতে নিয়ে গিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এবার যেমন মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ঋষভ পন্থ-সহ একঝাঁক ক্রিকেটারকে।
আবার ইডেনে আইপিএলের ম্যাচে কেকেআরকে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে কর্পোরেট বক্সে দেখা গিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের একঝাঁক ফুটবলারকে। যদিও আজ লখনউয়ের ম্যাচ থাকায় কোনও ক্রিকেটারকে দেখা যাবে না যুবভারতীতে।
তবে আগেরবার লোকেশ রাহুল মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে যুবভারতীতে হাজির থাকলেও এবার বদলে গেল তাঁর সমর্থন। রাহুলকে ছেড়ে দিয়েছে লখনউ। তিনি এখন দিল্লি ক্যাপিটালসে। বেঙ্গালুরু এফসির জার্সি হাতে তাই তিনি সমর্থন করবেন সুনীল ছেত্রীদের।
স্বাভাবিকভাবেই তাই আইএসএল ফাইনাল হয়ে দাঁড়াল রাহুল বনাম গোয়েঙ্কা দ্বৈরথ। রাহুল আরসিবির বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলে যেভাবে ব্যাটকে তরবারির মতো ব্যবহার করে কান্তারা ছবির অনুকরণে সেলিব্রেশনে মাতেন, তাতেও রাহুল ও গোয়েঙ্কাকে নিয়ে নানা মিম ছড়িয়েছিল।
“Bring it home for us!” 🔵
— Bengaluru FC (@bengalurufc) April 11, 2025
A wish from one of our own @klrahul to the Blues ahead of the #ISLFinal. 🙌#WeAreBFC #ಒಟ್ಟಿಗೆ #Ottige #MBSGBFC #KLRahul pic.twitter.com/rpIayd1G1P
এবার রাহুল বেঙ্গালুরু এফসিকে দেওয়া শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, আইএসএল ফাইনালের দিকে নজর রাখবেন। গোটা মরশুম যেভাবে চ্যাম্পিয়ন দলের মতো বেঙ্গালুরু এফসি খেলেছে, ফাইনালে সেটাই বজায় রাখার বার্তা দেন রাহুল। সুনীল ছেত্রীরা আইএসএল কাপ বেঙ্গালুরুতে নিয়ে যাবেন বলে আশাবাদী রাহুল।
এদিকে, আজ আবার সঞ্জীব গোয়েঙ্কার পুত্র শাশ্বত গোয়েঙ্কার জন্মদিন। আরপি-এসজি গ্রুপের ভাইস চেয়ারম্যান শাশ্বত লখনউ সুপার জায়ান্টস দলকেই আপাতত বেশি সময় দিচ্ছেন। আজ তাঁর জন্মদিনেই লখনউয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। শাশ্বতকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন ঋষভ পন্থ, নিকোলাস পুরাণরা।
আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি একে অপরের বিরুদ্ধে ১১টি ম্যাচ খেলেছে। যার মধ্যে সবুজ মেরুনের জয় সাতটিতে। বেঙ্গালুরু জিতেছে ২ বার। দুটি দ্বৈরথ ড্র হয়েছে। লিগ শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট টানা তিনবার ফাইনাল খেলছে। বেঙ্গালুরু বিগত ৮ মরশুমে চতুর্থ আইএসএল ফাইনাল খেলবে।












Click it and Unblock the Notifications