ISL 2023-24: হায়দরাবাদকে হারিয়েই জয়ের খরা মেটাতে মরিয়া ইস্টবেঙ্গল, কুয়াদ্রাত এখনই প্লে-অফ দেখছেন না
ISL 2023-24: আইএসএলে প্লে-অফে উঠতে গেলে ইস্টবেঙ্গলকে কার্যত অসাধ্যসাধন করতে হবে। কাল অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ পয়েন্ট তালিকার সবচেয়ে নীচে থাকা হায়দরাবাদ এফসি।
লাল হলুদের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের কথায় পরিষ্কার, আপাতত ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে চাইছেন। বাকিটা যা হওয়ার পরে হবে। সম্মানজনক জায়গায় পৌঁছনোই মূল লক্ষ্য।

সুপার কাপ জিতলেও আইএসএলে টানা ৬ ম্যাচে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। চোট, কার্ড সমস্যা তো রয়েছেই রেফারিং, সূচি নিয়েও অসন্তোষ রয়েছে শিবির। তবে কালকের ম্যাচে চার বিদেশিকে রেখেই দল সাজাচ্ছেন। আইএসএলের দ্বিতীয় পর্বে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে এগিয়ে থেকে ড্র করেছিল ইস্টবেঙ্গল।
তারপর নর্থইস্ট ইউনাইটেডের কাছে অ্যাওয়ে ও মুম্বই এফসির কাছে হোম ম্যাচেও পরাস্ত হয়েছে কুয়াদ্রাতের দল। ১৩ ম্যাচে ঝুলিতে ১২ পয়েন্ট, পয়েন্ট তালিকায় নামতে নামতে ১২ দলের মধ্যে ১১ নম্বরে। তবে ৬ নম্বরে থাকা জামশেদপুর এফসি-র সঙ্গে ইস্টবেঙ্গলের পয়েন্টের ফারাক ৫। জামশেদপুর অবশ্য ১৬টি ম্যাচ খেলে ফেলেছে।
কুয়াদ্রাত বলেছেন, অনেক বছর পর সাফল্য পাওয়ার পরই সব কিছু বদলে গেল। আমাদের মূল জায়গায় ফিরতে হবে। শেষ ৯টি ম্যাচের সঠিক প্রস্তুতি দরকার। আপাতত আরও কিছু পয়েন্ট নিশ্চিত করে ছয় নম্বর জায়গাই পাখির চোখ কুয়াদ্রাতের। কেন না, ওই জায়গা দখলের লড়াইয়ে আছে ৬টি দল।
প্লে-অফে পৌঁছতে কত পয়েন্ট দরকার সেই হিসেবে যাচ্ছেন না কুয়াদ্রাত। এখনও ৯টি ম্যাচ বাকি। তবে তার মধ্যে জামশেদপুর ছাড়াও খেলতে হবে ওডিশা এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান এসজির মতো প্রথম ছয়ে থাকা দলগুলির বিরুদ্ধে।
কুয়াদ্রাতের কথায়, কত পয়েন্ট প্রয়োজন এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছি না। তবে অমীমাংসিত ম্যাচগুলিই ফারাক গড়ে দেবে। এখন আমাদের প্রত্যেকের কাছেই প্রতিটি ম্যাচ ফাইনালের মতো। পাঞ্জাব পরপর দুটো ম্যাচ জিতে স্বপ্ন দেখা শুরু করেছে। জামশেদপুরও হঠাৎ দুটি ম্যাচ জিতে সেরা ছয়ে থাকার জন্য মরিয়া।
ফলে প্রতি ম্যাচেই খুব চাপ থাকবে বলে উপলব্ধি ইস্টবেঙ্গল হেড কোচের। ফলে বেশি ম্যাচ জেতার পাশাপাশি গোলপার্থক্য ভালো জায়গায় নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ হতে চলেছে। দু-একটি ম্যাচ জিতলে কিছুটা সুবিধাজনক জায়গায় যাওয়া যাবে বলে মনে করছেন কুয়াদ্রাত। তবে হারলে পরিস্থিতি কঠিন হবে। আগামী দেড় মাস তাই গুরুত্বপূর্ণ।
কালকের ম্যাচে কার্ড সমস্যার কারণে লালচুননুঙ্গা ও নওরেম মহেশকে পাচ্ছে না ইস্টবেঙ্গল। তবে ক্লেইটন সিলভা ফিরছেন। চার বিদেশি থাকায় তিন পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাবে ইস্টবেঙ্গল। বিষ্ণু, সায়ন, মহেশ, নন্দদের ভবিষ্যতের জন্য তৈরি করছেন কুয়াদ্রাত। তাঁদের কাছ থেকে ভালো পারফরম্যান্স প্রত্যাশা করছেন।












Click it and Unblock the Notifications