সফলতা দিয়েই ১০০তম টেস্ট শুরু ইশান্তের, রাষ্ট্রপতির হাতে সম্মানিত ভারতীয় ফাস্ট বোলার
সফলতা দিয়েই ১০০তম টেস্ট শুরু ইশান্তের, রাষ্ট্রপতির হাতে সম্মানিত ভারতীয় ফাস্ট বোলার
ডম সিবলের উইকেট দিয়ে কেরিয়ারের ১০০তম টেস্টের সূচনাটা দুর্দান্তভাবে করলেন ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। দেশের দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে শততম টেস্ট খেলা ইশুকে ম্যাচ শুরুর আগে সম্মানিতও করলেন মহারথীরা। সবমিলিয়ে ভারত বনাম ইংল্যান্ডের দিন-রাতের টেস্ট শুরুর মুহুর্তে আবেগে মাখামাখি হল ক্রিকেট।

ভারতের হয়ে ১০০তম টেস্টে
ইংল্যান্ডের বিরুদ্ধে মোতেরা টেস্টে মাঠে নামার আগে ভারতের হয়ে ৯৯টি টেস্ট খেলে ৩০২টি উইকেট নিয়েছিলেন ইশান্ত শর্মা। শততম টেস্টে নিজের স্পেলের দ্বিতীয় ওভারে ইংল্যান্ড ওপেনার ডম সিবলেকে শূন্য রানে সাজঘরে পাঠিয়ে ভারতের হয়ে ম্যাচে যুদ্ধ ঘোষণা করেন দিল্লির ফাস্ট বোলার।

দ্বিতীয় ভারতীয় পেসার
১৪ বছর আগে অর্থাৎ ২০০৭ সালে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ইশান্ত শর্মার। সেই থেকে এ পর্যন্ত দেশের হয়ে ১০০টি টেস্ট খেলে ফেললেন ডান হাতি ফাস্ট বোলার। কপিল দেবের পর ভারতের দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে এই অনন্য ক্লাবে প্রবেশ করলেন ইশান্ত। দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন কপিল। একই সঙ্গে চতুর্থ ভারতীয় বোলার হিসেবে শত টেস্ট খেলার নজিরও গড়েছেন দিল্লি ক্রিকেটার। কপিল দেব ছাড়া স্পিনার অনিল কুম্বলে (১৩২) ও হরভজন সিং (১০৩) ভারতের হয়ে একশোটি টেস্ট ম্যাচ খেলেন।

সম্মানিত ইশান্ত
একশো টেস্ট খেলা মুখের কথা নয়। ঐতিহাসিক এই মুহূর্তকে ধরে রাখতে ভারত বনাম ইংল্যান্ডের দিন রাতের টেস্ট শুরুর আগে মোতেরায় ইশান্ত শর্মা স্মারক প্রদান করে সম্মান জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

শুরুটা ভালই করেছে ভারত
চার ম্যাচের সিরিজে একটি করে টেস্ট জিতেছে ভারত ও ইংল্যান্ড। সেই নিরিখে দিন রাতের টেস্ট জিততে মরিয়া দুই দলই। তারই প্রেক্ষিতে ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করেছে ভারতীয় ক্রিকেট দল।












Click it and Unblock the Notifications