Ishan Kishan: জয় শাহের ডোজেই কাজ, বুচি বাবুতে শতরান ঈশান কিষাণের
Ishan Kishan: জয় শাহের ডোজে এমন কাজ হয়েছে যে ঈশান কিষাণ, শ্রেয়স আইয়াররা বুচি বাবু আমন্ত্রণী ক্রিকেটেও খেলছেন। শ্রেয়স অবশ্য নামবেন পরে।
তার আগে ঝাড়খণ্ডের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ খেলছেন ঈশান কিষাণ। হাঁকালেন ঝোড়ো শতরান।

একটা সময় ঈশান কিষাণ ভারতীয় দলে ঋষভ পন্থকে জোর টক্কর দেবেন বলে ভাবা হচ্ছিল। কিন্তু ঘরোয়া ক্রিকেট নিয়ে অনীহা দেখাতে গিয়ে বিপাকে পড়েন। মানসিকভাবে চাঙ্গা হওয়ার লক্ষ্যে ভারতীয় দল থেকেও বিরতি নিয়েছিলেন। কিন্তু মাঠের বাইরে অবলীলায় তাঁকে দেখা যাচ্ছিল।
এমনকী ভদোদরায় হার্দিক পাণ্ডিয়াদের সঙ্গে আইপিএলের জন্য ট্রেনিংও ঈশান কিষাণ সারছিলেন বলে জানতে পারে বিসিসিআই। তিনি ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএলে ফোকাস করেন। ফলে তা ভালোভাবে নেয়নি বোর্ড।
শ্রেয়স আইয়ারের সঙ্গে ঈশান কিষাণকেও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। শ্রেয়স ভারতীয় দলে কামব্যাক করলেও কিষাণ এখন অনেকটাই দৌড়ে। এই পরিস্থিতিতে বিপাকে পড়ে বাধ্য় হয়ে ঈশান কিষাণ ঘরোয়া ক্রিকেট খেলছেন। জাতীয় দলে কামব্যাকে লক্ষ্যে।
ঝাড়খণ্ডকে নেতৃত্বও দিচ্ছেন কিষাণ। মধ্যপ্রদেশ আজ ম্যাচের দ্বিতীয় দিনে ২২৫ রানে অল আউট হয়ে যায়। জবাবে ঝাড়খণ্ডও খুব মসৃণভাবে ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারছিল না। ছয়ে ব্যাট করতে নামেন কিষাণ। অর্ধশতরান পূর্ণ করেন ৬১ বলে। শতরানে পৌঁছন ৮৬ বলে।
শেষ অবধি ঈশান কিষাণ ১০৭ বল খেলে ১১৪ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার ও ১০টি ছয়। বুচি বাবুতে প্রথম দিনে উইকেটকিপিং ভালোই করেছিলেন কিষাণ। আর আজ দ্বিতীয় দিন পরপর দুটি ছক্কা হাঁকিয়ে দুরন্ত শতরান পেলেন।
৩৯টি বলের মধ্যে ধুন্ধুমার ব্যাটিং করেন তিনি, এই সময় কিষাণ হাঁকান ৯টি ছক্কা। কিষাণের ইনিংসের সৌজন্যেই মধ্যপ্রদেশের রান টপকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ধোনির রাজ্য। চলতি বছরের আইপিএলে তিনি ১৪ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩২০ রান করেন, একটি অর্ধশতরান-সহ।
গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি২০ আন্তর্জাতিক খেলেছেন। তারপর আর জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেননি। দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে দলে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু সফরের ফলে মানসিক ক্লান্তির অজুহাতে সরে দাঁড়ান টেস্ট দল থেকে। তারপর ঘরোয়া ক্রিকেটে অনীহা দেখাতে গিয়েই বিপাকে পড়েন কিষাণ। কবে তিনি নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেন সেটাই দেখার। তবে আপাতত প্রতিযোগিতায় তিনি অনেকটাই পিছিয়ে পড়েছেন।












Click it and Unblock the Notifications