Ishan Kishan: অবশেষে দেখা মিলল ঈশানের, প্রত্যাবর্তনের লক্ষ্যে ভিন রাজ্যে শুরু করলেন অনুশীলন
বিগত কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেটে চর্চায় ঈশান কিষাণ। দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে মানসিক অবসাদের কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এরপর থেকে তাঁকে আর ভারতীয় দলে কোনও ফর্ম্যাটে দেখা যায়নি। ঝাড়খণ্ডের তারকা ক্রিকেটার কোথায় আছেন, কী করছেন তা নিয়ে রহস্য তৈরি হয়েছিল। অবশেষে ধোনির রাজ্যের উইকেটরক্ষককে নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট।
ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলা হলেও, রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি ঈশানকে। ফলে তাঁকে নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হয়েছে। এই প্রেক্ষাপটে অবশেষে দেখা মিলেছে ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটারের। সব জল্পনার অবসান ঘটিয়ে ঈশান অনুশীলনে নামলেন। তবে নিজের রাজ্য ঝাড়খণ্ডে নয়। ঈশান অনুশীলন শুরু করলেন বরোদাতে। সেখানে হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে তিনি অনুশীলন করলেন।

তিনি জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেট খেলছেন না। তাঁর নজরে এখন আইপিএল। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম দামি প্লেয়ার।বিশাখাপত্তনম টেস্ট জয়ের পরই ভারতীয় দলের কোচ দ্রাবিড় বলেছিলেন, "প্রত্যেকের দলে ফেরার সুযোগ আছে। ঈশান কিষানকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। এটা আগে যতটা ভালো করে সম্ভব ব্যাখ্যা করেছি যে ও ছুটি চেয়েছিল, আমরা ছুটি দিয়েছিলাম।"
একইসঙ্গে দ্রাবিড় উল্লেখ করেন, 'ঈশান যখন তৈরি থাকবে তখন ডাকা হবে। আমি বলিনি ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, আমি বলেছি যখন ও তৈরি থাকবে। ওকে খানিকটা ক্রিকেট খেলে ফিরতে হবে। এবার ওকে বেছে নিতে, আমরা জোর করছি না।'
বিশাখাপত্তনমে কেএস ভরত দুই ইনিংস মিলিয়ে ২৩ রান করেছেন। হায়দরাবাদ টেস্ট ধরলে তাঁর চার ইনিংসে রান সংখ্যা ৬৯। এই অবস্থায় বিকল্প হিবাসে রয়েছেন ধ্রুব জুড়েল। কিন্তু তাঁকে এখনও আন্তর্জাতিক পর্যায়ে মাঠে নামানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু ঈশান কিষাণকে নিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছে ভারতীয় টিম ম্যানেডমেন্ট।
ঈশানের প্রস্তুতিটা কতটা ভারতীয় দলে প্রত্যাবর্তনের লক্ষ্যে আর কতটা আইপিএলের জন্য সেটা নিয়ে প্রশ্ন থাকছেই।












Click it and Unblock the Notifications