স্থগিত আইপিএলের শেষাংশ হবে কোন দেশে? বিসিসিআইয়ের ভাবনা ব্যাখ্যা কোষাধ্যক্ষ ধুমলের
স্থগিত আইপিএলের পার্ট টু হবে কোন দেশে? বিসিসিআইয়ের ভাবনা বাখ্যা করলেন ধুমল
করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের শেষাংশ ভারতে আয়োজন করার ক্ষেত্রে বিস্তর ধাক্কার সম্মুখীন হতে হচ্ছে বিসিসিআই-কে। কোভিড ১৯-এর বাড়বাড়ন্তের পাশাপাশি ঠাঁসা আন্তর্জাতিক ক্রীড়াসূচির মধ্যে দেশের মাঠে থমকে যাওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত করা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড যে ততটা আত্মবিশ্বাসী নয়, তাও স্পষ্ট। এহেন পরিস্থিতিতে অর্ধেক আইপিএল আয়োজনের জন্য যুক্তরাজ্যের দেশগুলি আগ্রহ প্রকাশ করেছে বলে শোনা যাচ্ছে। তা নিয়ে বিসিসিআইয়ের ভাবনার কথা জানালেন কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল।

কোথায় হবে আইপিএল
করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএল যে শেষ করা জরুরি, তা মেনে নিয়েছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল। নানা প্রতিকূলতা পেরিয়ে টুর্নামেন্টের শেষাংশ ফের ভারতে আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে তিনি অবশ্য কোনও আশার বাণী শোনাননি। ইংল্যান্ড ও তৎ-সংলগ্ন ক্রিকেট খেলিয়ে দেশগুলির তরফে বিসিসিআইয়ের তরফে আইপিএল আয়োজনের যে প্রস্তাব জমা পড়েছে, তা নিয়েও কোনও মন্তব্য করতে রাজি হননি অরুণ সিং ধুমল।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

টি২০ বিশ্বকাপই পাখির চোখ
অরুণ সিং ধুমল জানিয়েছেন যে আপাতত পরিস্থিতির ওপর নজর রাখবে বিসিসিআই। আইপিএল নিয়ে সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন বোর্ড কর্তা। সেই সঙ্গে তিনি এও জানাতে ভোলেননি যে এখন বিসিসিআইয়ের ভাবনায় কেবল টি২০ বিশ্বকাপের প্রস্তুতি। আগামী অক্টোবরে ভারতেই শুরু হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে টুর্নামেন্ট অন্য দেশে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা শুরু করেছে আইসিসি। তা আটকাতে বিসিসিআই যে বদ্ধপরিকর, তা সরাসরি জানিয়েছেন ধুমল।
ছবি সৌজন্যে : পিটিআই

২৯ ম্যাচ পর স্থগিত আইপিএল
দেশে করোনা ভাইরাসের প্রভাব বাড়তেই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। থমকে যাওয়া টুর্নামেন্টে ২৯টি ম্যাচ খেলা হয়েছে। বাকি ৩১ ম্যাচ খেলা না হলে বিসিসিআই-কে মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই যেনতেন-প্রকারেণ টুর্নামেন্টের শেষাংশ শেষ করতে বদ্ধপরিকর সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।
ছবি সৌজন্যে : পিটিআই

আইপিএল বাতিল হলে কত ক্ষতি
এর আগে বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছিল করোনার জেরে আইপিএল ২০২১ স্থগিত হওয়ার কারণে বোর্ডের ২ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ইস্যুতে নানা মুনির নানা মতের মধ্যেই মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, কোনও ভাবে আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলি আয়োজন করা না গেলে বিসিসিআইয়ের ক্ষতি হবে ২৫০০ কোটি টাকা। যদিও তা প্রাথমিক হিসেব বলে জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি। ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন মহারাজ।












Click it and Unblock the Notifications