২২ গজে তাঁর সঙ্গেও বিদ্বেষমূলক আচরণ হয়েছে, বিস্ফোরক ভারতীয় প্রাক্তন ক্রিকেটার
শুধু বর্ণের কারণেই নয় ভিন্ন মতে বিশ্বাস রাখার কারণেও বিভেদ চলে, বিস্ফোরক ইরফান
মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবিদ্বেষের শিকারে পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তোলপাড় বিশ্ব। করোনা নিয়ে উদ্বেগের মাঝেই শ্বেতাঙ্গ পুলিশের অত্যাচারে কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ ও বিপ্লব শুরু হয়েছে। ইতিমধ্যে বর্ণবিদ্বেষ নিয়ে খেলার দুনিয়াও সরব। তাতে এবার যোগ দিলেন ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান।

বর্ণবিদ্বেষ নিয়ে ক্রিকেটারদের মধ্য কারা প্রতিবাদ জানিয়েছেন
জর্জ ফ্লয়েডের ঘটনার পর বিশ্বজুড়ে বর্ণবিদ্বেষ নিয়ে শুরু হওয়া সমালোচনায় ওয়েস্ট ইন্ডিজের টি-২০ ক্রিকেট বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি যোগ দেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএলে তাঁর সঙ্গে বর্ণবিদ্বেষমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলও গায়ের রঙের কারণে কটূক্তির শিকার হয়েছেন বলে জানিয়েছেন।

ভারতীয় ক্রিকেটারও অভিযোগ করেছেন
ভারতের হয়ে টেস্ট খেলা অভিনব মুকুন্দ জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনার পর তাঁর সঙ্গেও ছোট থেকেই বর্ণের বিভেদ করা হয়ে আসছে বলে অভিযোগ করেন।

এবার অভিযোগ করলেন ইরফান পাঠান
এবার বর্ণের বিভেদের এই লড়াইয়ে যোগ দিলেন ইরফান পাঠান। পাঠান বলেছেন 'জীবনে শুধু বর্ণের কারণেই বিভেদ হয় না, জাত পাতের কারণেও হয়ে থাকে। সেটিও সমান গুরুত্ব দিয়ে ভেবে দেখা উচিত। অন্য ধর্মে বিশ্বাস রাখা অনেকে আজও সমাজে নিজের পছন্দ মতো মাথা গোঁজার ঠিকানা পান না। এটাও একপ্রকার বিভেদ। এর বিরুদ্ধেও গর্জে ওঠা উচিত। '

ইরফানের সঙ্গে বিদ্বেষের ঘটনা
ইরফান আরও বলেছেন, 'বরোদার হয়ে অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে সতীর্থরা আমাকে অশ্লীল নামে ডাকত। আমি প্রতিবাদ করে তাঁদের ইরফান বলে ডাকতে বলি। এরপর তারা আর আমার সঙ্গে আর খারাপ ব্যবহার করেনি।'

দেশের হয়ে ক্রিকেটে সাফল্য
ভারতীয় ক্রিকেটে অলরাডউন্ডারদের মধ্য অন্যতম সেরা ইরফান। ২০২০ সালের শুরুতে ক্রিকেট থেকে অবসর নিয়ে এখন ধারাভাষ্যকার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায় আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। ২০০৭ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জেতেন। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক ইরফানের কেরিয়ারের সোনালী অধ্যায়।












Click it and Unblock the Notifications