Ireland vs India T20Is: ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের দল ঘোষণা আয়ারল্যান্ডের, আছেন আইপিএল খেলা ক্রিকেটারও
Ireland vs India T20Is: মার্কিন মুলুকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলেই ভারতীয় দল যাবে আয়ারল্যান্ড সফরে। যদিও ক্যারিবিয়ান সফরের দলে থাকা সব ক্রিকেটার এই সিরিজে খেলবেন না।
জসপ্রীত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় দল ঘোষণা হয়েছে আগেই। তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য দল ঘোষণা করে দিল আয়ারল্যান্ড।

আগামী বছর টি ২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের পর আইরিশরা এই প্রথম টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলছেন। তাও আবার বিশ্বের ১ নম্বর টি ২০ দলের বিরুদ্ধে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারকে রেখেই আয়ারল্যান্ড দল গঠন করা হয়েছে। দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফিওন হ্যান্ড। কব্জির চোট সারিয়ে দলে ফিরলেন গ্যারেথ ডেলানি।
বিশ্বকাপের আগে আপাতত ১৫টি ২০ আন্তর্জাতিক খেলার কথা আয়ারল্যান্ডের। সে কারণে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দেওয়া হবে। কোথায় খামতি রয়েছে তা চিহ্নিত করে দ্রুত তা পুষিয়ে ফেলাই লক্ষ্য। বিশ্বকাপের দলে থাকতে পারেন এমন ক্রিকেটারদের রেখেই ভারতের বিরুদ্ধে সিরিজের দল গড়া হয়েছে।

ভারতের বিরুদ্ধে আয়ারল্যান্ড প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলবে ১৮ অগাস্ট। সিরিজের বাকি ম্যাচগুলি হবে ২০ ও ২৩ অগাস্ট। প্রতিটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় বিকেল তিনটেয়, যা ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টায়।
আয়ারল্যান্ড দল- পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, লরকান টাকার, থিও ভ্যান ওয়েরকম, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।
ভারতীয় দল- জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।












Click it and Unblock the Notifications