Irani Cup: ইরানি কাপ মুম্বইয়ে আয়োজন নিয়ে চিন্তায় বিসিসিআই, সরানোর ক্ষেত্রে বিকল্প কোন দুই শহর?
Irani Cup: ইরানি কাপ আয়োজন নিয়ে সমস্যায় বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে। মুম্বইয়ে এই টু্নামেন্টটি হওয়ার কথা।
যদিও বিসিসিআই ইরানি কাপ সরিয়ে নিতে পারে মুম্বই থেকে। বিকল্প জায়গা হিসেবে দুটি শহরের নাম বিসিসিআই কর্তাদের বিবেচনায় রয়েছে বলে জানা যাচ্ছে।

ইরানি কাপ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বা লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজনের বিষয়ে ভাবনাচিন্তা চলছে। বিসিসিআই যে ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করেছিল তাতে ইরানি কাপ দেওয়া হয়েছিল মুম্বইয়ে। যদিও আবহাওয়ার কারণেই ইরানি কাপ সরানো হতে পারে।
ইরানি কাপের খেলা চলে পাঁচ দিন ধরে। সেই খেলা যাতে বৃষ্টিতে ব্যাহত না হয় সেই বিষয়টিকেই বিসিসিআই গুরুত্ব দিতে চাইছে। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে ইরানি কাপের ম্যাচে নামবে অবশিষ্ট ভারতীয় একাদশ। বিদর্ভকে হারিয়ে ৪২তম রঞ্জি জয়ের স্বাদ পেয়েছিল মুম্বই।
অক্টোবরের ১ থেকে ৫ তারিখ অবধি ইরানি কাপের ম্যাচ রয়েছে। মুম্বই বাদে অন্য রাজ্য ক্রিকেট সংস্থার ক্রিকেটারদের নিয়ে অবশিষ্ট ভারতীয় একাদশ দল গঠন করা হবে। ভারতীয় দল জানুয়ারি পর্যন্ত ১০টি টেস্ট খেলবে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দল গঠনের ক্ষেত্রে দলীপ ট্রফি ও ইরানি কাপে নিজেদের মেলে ধরে অনেক ক্রিকেটারই চাইবেন টেস্ট দলের দরজা খুলতে।
উল্লেখ্য, ইরানি কাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে অবশিষ্ট ভারতীয় একাদশ। ৩০ বার চ্যাম্পিয়ন ও ২ বার রানার-আপ হয়েছে। ইরানি কাপে মুম্বই খেতাব জিতেছে ১৪ বার, রানার-আপ হয়েছে ১৪ বার। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে ইরানি কাপ যে দু-বার হয়েছে তাতে চ্যাম্পিয়ন হয়েছে অবশিষ্ট ভারতীয় একাদশ। ২০২২-২৩ মরশুমে মধ্যপ্রদেশকে ২৩৮ রানে এবং ২০২৩-২৪ মরশুমে সৌরাষ্ট্রকে ১৭৫ রানে হারিয়ে।












Click it and Unblock the Notifications