Irani Cup 2024: ইরানি কাপ জয়ের পথে মুম্বই, দ্বিশতরান হাতছাড়া অভিমন্যুর, জুরেল পেলেন না শতরান
Irani Cup 2024: ইরানি কাপ জয়ের পথে এগিয়ে চলেছে মুম্বই। লখনউয়ের একানা স্টেডিয়ামে আজ ম্যাচের চতুর্থ দিন। প্রথম ইনিংসে মূল্যবান লিড সুনিশ্চিত করে ফেলে খেতাবের দিকে এক পা বাড়িয়েছে মুম্বই।
অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বইয়ের ৫৩৭ রানের জবাবে আজ অবশিষ্ট ভারতীয় একাদশের ইনিংস শেষ হয়েছে ৪১৬ রানে। দ্বিশতরান হাতছাড়া অভিমন্যু ঈশ্বরণের। সাত রানের জন্য সেঞ্চুরি পেলেন না ধ্রুব জুরেল।

তৃতীয় দিনের শেষে অবশিষ্ট ভারতের স্কোর ছিল ৭৪ ওভারে ৪ উইকেটে ২৮৯। অভিমন্যু ১৫১ ও জুরেল ৩০ রানে অপরাজিত ছিলেন। ২২৮ রানে চতুর্থ উইকেট হারিয়েছিল অবশিষ্ট ভারত। ঋতুরাজ গায়কোয়াড়ের দলকে লড়াইয়ে রেখেছিল ঈশ্বরণ-জুরেল জুটি। আজ পঞ্চম উইকেটের পতন ঘটে ১০০.১ ওভারে ৩৯৩ রানে।
আজ প্রথমে আউট হন জুরেল। ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২১ বলে ৯৩ রান করে আউট হন জুরেল। জুরেল যেমন সেঞ্চুরি পেলেন না, তেমনই দ্বিশতরান থেকে ৯ রান দূরে থামলেন অভিমন্যু। ১০২.১ ওভারে অভিমন্যু আউট হলে অবশিষ্ট ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৯৬।
নিজের পরপর দুই ওভারে জুরেল ও অভিমন্যুকে ফেরান শামস মুলানি। ১৬টি চার ও ১টি ছয় দিয়ে সাজানো অভিমন্যুর ২৯২ বলে ১৯১ রানের ইনিংস। এরপর ১১০ ওভারে ৪১৬ রানেই গুটিয়ে যায় অবশিষ্ট ভারত। মানব সুথার ৬, যশ দয়াল ৬ এবং প্রসিদ্ধ কৃষ্ণ ও মুকেশ রান ব্যক্তিগত ০ রানে সাজঘরে ফেরেন।
সারাংশ জৈন ৯ রানে অপরাজিত থাকেন। মুলানি ৪টি মেডেন-সহ ৪০ ওভারে ১২২ রান খরচ করে তিন উইকেট দখল করেছেন। ২টি মেডেন-সহ ২৭ ওভারে ১০১ রানের বিনিময়ে তিন উইকেট নেন তনুশ কোটিয়ান। মোহিত অবস্থি ২টি এবং মহম্মদ জুনেদ খান ১ উইকেট দখল করেছেন। যশ দয়াল রান আউট হন।
জবাবে খেলতে নেমে ঝোড়ো গতিতে দ্বিতীয় ইনিংস শুরু করে মুম্বই। ৭.৩ ওভারে ৫২ রানে প্রথম উইকেটটি পড়েছে। আয়ুষ মাত্রে ১৪ রান করে সারাংশ জৈনের বলে স্টাম্প আউট হন। শেষ পাওয়া খবরে মুম্বই দ্বিতীয় ইনিংসে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে। পৃথ্বী শ ২৯ বলে ৩৩ ও হার্দিক তামোরে ২ বলে ২ রানে অপরাজিত আছেন। ফলে মুম্বই এই নিয়ে ১৬ বার (একবার যুগ্ম চ্যাম্পিয়ন) ইরানি কাপ (পূর্বতন ইরানি ট্রফি) জিততে চলেছে।












Click it and Unblock the Notifications