আইপিএল নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভাবনাটা কী, জানালেন নবনির্বাচিত সিইও
আইপিএল নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ভাবনাটা কী, জানালেন নবনির্বাচিত সিইও
করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএল সেপ্টেম্বরে শুরু হতে চলেছে। তবে ভারতে নয়, টুর্নামেন্টের অবশিষ্ট ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে জানিয়ে দিয়েছে বিসিসিআই। যেখানে ইংল্যান্ডের ক্রিকেটারদের পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া যায়। কার্যত অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও। এহেন পরিস্থিতিতে অস্ট্রেলীয় ক্রিকেটাররাও না থাকলে যে আইপিএল জৌলুস হারাবে, তা অবধারিত। খুব স্বাভাবিকভাবেই এই ইস্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়ায় অভিমত জানতে চায় বিশ্ব। যার উত্তরও দিলেন সংস্থার নবনির্বাচিত চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও নিক হকলে।

বিসিসিআই-ক্রিকেট অস্ট্রেলিয়ার বন্ধুত্ব
এক বছর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করার পর পাকাপাকিভাবে অস্ট্রেলিয় ক্রিকেটের রাশ ধরেছেন নিক হকলে। গত এক বছরে তাঁর নেতৃত্বে বিসিসিআইয়ের সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সম্পর্ক যে আরও মধুর হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। করোনা ভাইরাসের আবহে দেশের ক্রিকেটারদের ভারতের পাঠানোর জন্য নিজের দেশের সরকারকে রাজি করাতে পারাটাও হকলের সাফল্যের তালিকায় অন্তর্ভূক্ত। টুর্নামেন্ট স্থগিত হয়ে গেলে ভারতে আটকে থাকা অস্ট্রেলীয় ক্রিকেটারদের দেশের ফেরানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন নিক। এই কঠিন সময়ে নিজের দেশের সরকার ও বিসিসিআইয়ের মধ্যে দুর্দান্ত সংযোগরক্ষার কাজ করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও।

আইপিএল নিয়ে নিকের অভিমত
সংযুক্ত আরব আমিরশাাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএলের বাকি ম্যাচগুলি খেলার জন্য অস্ট্রেলিয় ক্রিকেটারদের পাঠানো হবে কিনা, তা নিয়ে তড়িঘড়ি কোনও মন্তব্য করতে রাজি হননি নিক হকলে। তাঁর কথায়, দুই মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফরা। সবার আগে তাঁদের দু-দণ্ড জিরিয়ে নেওয়ার অবকাশ দিতে চান ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও। এরপর আইপিএল নিয়ে ভাবনাচিন্তা শুরু হবে বলে জানিয়েছেন নিক।

কোয়ারেন্টাইন পর্ব থেকে মুক্তি
সরকারি বিধি মেনে গত আইপিএল খেলে দেশে ফেরা অস্ট্রেলীয় ক্রিকেটররা সিডনিতে টানা দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলেন। তার আগে মালদ্বীপে প্রায় ১০ দিন আইসোলেশনে কাটিয়েছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার। এই সুদীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে নিজ নিজ পরিবারের সঙ্গে সংযুক্ত হতে পেরে হাঁফ ছেড়ে বাঁচবার পাশাপাশি আবেগতাড়িত হয়ে পড়েছেন আইপিএল ফেরত অস্ট্রেলিয়ার ৩৮ জন ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ ও ধারাভাষ্যকাররা। জানিয়েছেন তাঁদের একই ঘরে দীর্ঘদিন আটকে থাকার অভিজ্ঞতা। ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই, অস্ট্রেলিয়া সরকার ও সে দেশের ক্রিকেট বোর্ডকে।

বিসিসিআইয়ের কাছে কৃতজ্ঞ হকলে
কথা মতো অস্ট্রেলিয় ক্রিকেটারদের সুরক্ষিতভাবে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দিয়েছে বিসিসিআই। এই ভূমিকায় মুগ্ধ হয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে। জানিয়েছেন, বিসিসিআইয়ের কাছে তারা কৃতজ্ঞ। এরপর দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে বলে মনে করেন হকলে।












Click it and Unblock the Notifications