IPL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চিন্তা বাড়ালেন কোহলি! বিরাটের চোট নিয়ে কী বললেন সঞ্জয় বাঙ্গার?
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে শতরান করে সব সমালোচনার জবাব দিয়েছেন, তবে ফিল্ডিং করার সময় চোট পান বিরাট কোহলি। হাঁটুতে চোট পাওয়ায় ম্যাচের শেষ দিকে কয়েকওভার ফিল্ডিং করতে পারেননি কিং কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বিরাট কোহলির চোট চিন্তা বাড়াল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
প্রথমে ব্যাট হাতে গুজরাতের বিরুদ্ধে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেন কোহলি। কিন্তু ফিল্ডিং করার সময় চোট পান কোহলি। আরসিবি বোলিংয়ের ১৫তম ওভারে বিজয় কুমারের বলে বিজয় শঙ্করের ক্যাচ ধরার সময় হাঁটুতে চোট লাগে প্রাক্তন ভারত অধিনায়কের।

ইতিমধ্যেই ঋষভ পন্থ, বুমবাহ, কেএল রাহুল, শ্রেয়স আইয়াররা আগেই ছিটকে গিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল থেকে। চোটের তালিকাতে থাকা জয়দেব উনাদকাটের খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। আশঙ্কা তৈরি হয় এবার কী এই তালিকায় যুক্ত হলেন কিং কোহলিও।
যদিও আরসিবি দলের কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, 'কোহলি হাঁটুতে ব্যাথা অনুভব করছিল, তবে সেটা গুরুতর কিছু নয়।চার দিনের ব্যবধানে জোড়া শতরান করেছে কোহলি। বিরাট এমন একজন ক্রিকেটার যিনি শুধু ব্যাট হাতে নন, ফিল্ডিংয়ের সময়ও কার্যকরী ভূমিকা নিতে চান।'

আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।তিনটি ভাগে ভাগ হয়ে লন্ডন যাবে টিম ইন্ডিয়া। ২৩ মে রাতে প্রথম দফার ক্রিকেটাররা যাবেন। কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যাবেন অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদবরা।দ্বিতীয় দফা যাবে ২৫ মে। আইপিএল শেষের পর তৃতীয় দফার ক্রিকেটাররা যাবেন।

ইতিমধ্যেই কোহলির ফোকাসে চলে এসেছে টেস্ট ক্রিকেট। গত ম্যাচে সেঞ্চুরির পর বিরাট জানিয়ে দিয়েছিলেন, 'আমি কোনও ফ্যান্সি শট খেলতে চাই না। কারণ, সারা বছরই ক্রিকেট থাকে। আইপিএল শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রয়েছে। টেকনিকের দিক থেকে সেরা জায়গায় থাকতে চাই।'












Click it and Unblock the Notifications