IPL Stats: বুমরাহ, ভুবি বা শামি নন, বিরাটকে সবচেয়ে বেশিবার আউট করেছেন এই পেসার! স্পিনারদের মধ্যে নারিন
IPL Stats: আইপিএলে শনিবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন বিরাট কোহলি।
বিরাট সাম্প্রতিককালে লেগ স্পিনারের বলে আউট হচ্ছেন। বিষয়টি নিশ্চিতভাবেই মাথায় থাকবে কেকেআর থিঙ্কট্যাঙ্কের। তবে পরিসংখ্যান বলছে আইপিএলে কোহলি সবচেয়ে বেশিবার আউট হয়েছেন পেসারের বলেই।

গত বছরের আইপিএলে কেকেআর দুটি সাক্ষাতেই আরসিবিকে হারিয়েছিল। প্রথম সাক্ষাতে বিরাট কোহলি ৫৯ বলে ৮৩ রানে অপরাজিত ছিলেন চারটি করে চার ও ছয় মেরে। এরপর ইডেনে ফিরতি দ্বৈরথে কোহলি ৭ বলে ১৮ রান করে হর্ষিত রানার বলে কট অ্যান্ড বোল্ড হন।
আইপিএলে বিরাটকে সবচেয়ে বেশি ৭ বার আউট করেছেন সন্দীপ শর্মা। ১৬টি ইনিংসে সন্দীপের মোট ৭৪ বল খেলেছেন বিরাট। রান করেছেন ১০৪। চার মেরেছেন ১৪টি, ছয় ১টি। ডট বল ২৫টি। সন্দীপের বিরুদ্ধে কোহলির আইপিএলে ব্যাটিং স্ট্রাইক রেট ১৪০.৫৪।
সন্দীপের দখলে রয়েছে আরেকটি ঈর্ষণীয় নজির। তিনি ২০১৭ সালে বেঙ্গালুরুতে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আরসিবির বিরুদ্ধে বিধ্বংসী ছন্দে ছিলেন। ওই ম্যাচে তিনি আউট করেছিলেন বিরাট কোহলি, ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সকে। প্রথম, তৃতীয় ও পঞ্চম ওভারে, অর্থাৎ পাওয়ারপ্লেতে। ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন।
বিরাটকে ৬ বার আইপিএলে আউট করেছেন আশিস নেহরা, যিনি বর্তমানে গুজরাত জায়ান্টসের হেড কোচ। আইপিএলে ১০টি ইনিংসে নেহরার ৫৪টি বল খেলেছেন কোহলি। ডট বল ২৭। রান করেছেন ৬০। ব্যাটিং স্ট্রাইক রেট ১১১.১১। সাতটি চার ও ২টি ছয় মেরেছেন।
জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি বিরাট কোহলিকে পাঁচবার করে আউট করেছেন আইপিএলে। ১৬টি ইনিংসে বুমরাহর ৯৫টি বল খেলে কোহলি ১৪০ রান করেছেন। ডট বল ৩৬টি। চার মেরেছেন ১৫টি, ছক্কা ৫টি। ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৭.৩৬।
শামির বিরুদ্ধে ১২টি ইনিংসে ৭৭ বলে ১০৭ রান করেছেন কোহলি। ব্যাটিং স্ট্রাইক রেট ১৩৮.৯৬। ১৭টি চার মারলেও শামির বলে ছক্কা হাঁকাতে পারেননি কোহলি। ডট বল ২৫টি। আইপিএলে বিরাট কোহলিকে চারবার করে আউট করেছেন ধবল কুলকার্নি, ভুবনেশ্বর কুমার, মিচেল ম্যাকলেনাঘান ও সুনীল নারিন।
নারিনের বিরুদ্ধে বিরাট ১৬ ইনিংসে ১১৮টি বল খেলেছেন, ১২৭ রান করেছেন। ডট বল ৪৩টি। ভুবনেশ্বর কুমার বিরাটকে ৪০টি ডট বল করেছেন। নারিনের বলে বিরাট ১০টি চার ও ২টি ছয় মেরেছেন। ব্যাটিং স্ট্রাইক রেট ১০৭.৬২।
এ ছা়ড়া লক্ষ্মীপতি বালাজি, পীযূষ চাওলা, শ্রেয়স গোপাল, রবীন্দ্র জাদেজা, জ্যাক কালিস, অমিত মিশ্র ও মর্নি মরকেল বিরাটকে তিনবার করে আইপিএলে আউট করেছেন।












Click it and Unblock the Notifications